বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিজিট ভিসায় এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। নতুন ব্যবস্থায় সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। এ সুবিধা বাতিল করে যেসব দেশের নাগরিকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য করা হয়েছে, তাদের তালিকাও প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।
নতুন এই নীতি ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন নীতির কথা জানানো হয়েছে।