বাংলাদেশের সংগীতাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। বিশ্বের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রতিনিধি বাছাই করা হবে। এ লক্ষ্যে দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল সিলেকশন শো’ (এনএসএস)। একই সঙ্গে শুরু হয়েছে প্রতিযোগীদের আবেদন গ্রহণ কার্যক্রম।
এ আয়োজনের মাধ্যমে নির্বাচিত সেরা শিল্পীরা আগামী নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আয়োজনটির পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানটির অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে সরাসরি সম্প্রচার করবে এনটিভি।
১৯৫৬ সালে যাত্রা শুরু করা ইউরোভিশন বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ লাইভ মিউজিক প্রতিযোগিতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ইউরোপে জনপ্রিয় এ আয়োজন এবার এশিয়ান সংস্করণ নিয়ে হাজির হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের শিল্পীদের সামনে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গান ও সংস্কৃতি তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওসের শিল্পীদের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের প্রতিযোগীরা।
আয়োজকদের ভাষ্য, ‘ন্যাশনাল সিলেকশন শো’ হবে একটি প্রাইম টাইম মিউজিক আয়োজন। বিশ্বমানের স্টেজ প্রোডাকশন ও লাইভ পারফরম্যান্সের মাধ্যমে এখান থেকে খুঁজে বের করা হবে বাংলাদেশের সম্ভাবনাময় বৈশ্বিক সংগীত তারকাকে।
গত রোববার শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া, যা চলবে ১০ জুন পর্যন্ত। এরপর ২১ জুন প্রকাশ করা হবে চূড়ান্ত ১২ প্রতিযোগীর তালিকা। নির্বাচিত প্রতিযোগীরা জুলাইজুড়ে বিশেষ গ্রুমিং ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন। সবশেষে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে লাইভ গ্র্যান্ড ফাইনাল, যেখানে নির্ধারণ করা হবে বিজয়ী।
প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন একক শিল্পী, দ্বৈত কিংবা সর্বোচ্চ ছয় সদস্যের দল। অংশগ্রহণকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। জমা দেওয়া গান অবশ্যই মৌলিক হতে হবে এবং এর দৈর্ঘ্য সর্বোচ্চ ৩ মিনিটের মধ্যে রাখতে হবে। ইউরোভিশনের নিয়ম অনুযায়ী মূল কণ্ঠশিল্পীকে সরাসরি লাইভ পারফর্ম করতে হবে।
আয়োজকরা আরো জানিয়েছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভক্সোভেশন ও দেশীয় শীর্ষ মিউজিক পার্টনারদের তত্ত্বাবধানে ফাইনালিস্টদের আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের জন্য প্রস্তুত করা হবে।