অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। ইকরার স্বামী জাহের আলভীর বর্তমানে শুটিংয়ে নেপালে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের শিক্ষার্থী ইকরা ছিলেন দর্শনের ছাত্রী।
জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর আলভী-ইকরার বিয়ে হয়। ইকরার তখন মাত্র বয়স ছিল ১৯ বছর। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।
আলভীর সর্বশেষ ফেসবুক পোস্ট ও ইকরার মন্তব্যে বোঝা গেছে, সংসারে নানান জটিলতায় পর্যুদস্ত ছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ইকরার বিশ্ববিদ্যালয় জীবনের একজন বন্ধু জানান, ইকরার ভাই-বোন নেই। ইকরা-আলভীর সম্পর্কটাও নানা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলো। দুঃখের পোস্ট দিয়েও ফেসবুক থেকে প্রায়ই মুছে ফেলতো ইকরা। মানসিকভাবে সে খুব একটা ভালো ছিল না।
এ বিষয়ে পল্লবী থানার এসআই হুমায়ুন কবির জানান, পুলিশের সুরাতহালে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।
তিনি বলেন, আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।