বিশ্বজুড়ে কোটি ভক্তের উন্মাদনা বাড়িয়ে দিয়ে জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’ নিয়ে বড়সড় ঘোষণা দিয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স।
২০২১ সালে পাঁচটি সিজনের পর আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’। প্রায় পাঁচ বছর পর, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অব মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করে প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না। বরং নেটফ্লিক্সের এই জনপ্রিয় ইউনিভার্সটি আরও বড় হতে যাচ্ছে, যা নিয়ে এখন নেটদুনিয়ায় জল্পনার শেষ নেই।
সম্প্রতি নেটফ্লিক্স তাদের সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অফ মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই ফ্র্যাঞ্চাইজি থেকে নতুন কোনো প্রজেক্ট আসছে। তবে এটি নতুন সিজন (সিজন ৬) হবে, নাকি আরেকটি স্পিন-অফ, নাকি সিক্যুয়েল—এ বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেনি নেটফ্লিক্স।
এদিকে আগামী ১৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন, যার নাম রাখা হয়েছে ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন’। মূলত সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল ও কালো থিমের একটি বিশেষ পোস্টের মাধ্যমে নতুন করে এই উন্মাদনা ছড়ায়। কারণ, সেখানে মানি হাইস্তের বিখ্যাত ‘বেলা চাও’ গানের রেশ ধরে জানানো হয়েছে, এই বিপ্লব কখনোই শেষ হওয়ার নয়।
শুধু তাই নয়, অনুষ্ঠানে দেখানো টিজারে দেখানো হয়েছে ‘মানি হাইস্ট’-এর বিখ্যাত কিছু ডাকাতি অভিযান, যেমন স্পেনের রয়্যাল মিন্ট এবং ব্যাংক অব স্পেনের দৃশ্য। পাশাপাশি নতুন কিছু মিশনের ইঙ্গিতও দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে গল্পকে আরও বিস্তৃত করতে পারে।
ইউটিউবে প্রকাশিত ঘোষণার ভিডিওতে শুরুতেই দেখা যায় একটি বার্তা, ‘সবকিছু শুরু হয়েছিল টাকার মাধ্যমে, এরপর তা পরিণত হয় সোনা আর অমূল্য ধনসম্পদে।’ এরপর জানানো হয়, ‘বিপ্লব এখনো শেষ হয়নি।’ ভিডিওতে আরও বলা হয়, ‘এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী গল্পের যাত্রা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’
এখন দেখার বিষয়—‘মানি হেইস্ট’-এর নতুন অধ্যায়ে দর্শকদের জন্য কী চমক অপেক্ষা করছে।