বাংলার লোকসংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের জীবনবোধ, প্রেম, বিরহ, দর্শন ও শেকড়ের এক অনন্য সাংস্কৃতিক দলিল। সময়ের পরিবর্তনে সংগীতের উপস্থাপনা ও শ্রোতার রুচি বদলালেও লোকজ সুরের আবেদন আজও অটুট। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং কালজয়ী লোকগানকে সমকালীন সংগীতায়োজনে নতুনভাবে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
এই আয়োজনে জায়গা পেয়েছে বাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করা কিংবদন্তি সাধক ও গীতিকারদের কালজয়ী গান। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান দিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন।
গানগুলোর সংগীতায়োজন ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগীত পরিচালক তরিক আল ইসলাম এবং ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
আয়োজনটি প্রসঙ্গে তরিক আল ইসলাম বলেন, ‘বাংলার লোকসংগীত আমাদের শেকড়, আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই গানগুলোর প্রতিটি পঙ্ক্তি ও সুরের ভেতর লুকিয়ে আছে আমাদের জীবন, দর্শন, প্রেম, বিরহ ও হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার। আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন সমৃদ্ধ লোকসংগীতের চর্চা অব্যাহত থাকবে, অন্যদিকে নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হওয়ার সুযোগ পাবে বাংলার সংগীত ঐতিহ্যের অনন্য সব সৃষ্টির সঙ্গে।’
ধ্রুব মিউজিক স্টেশনের প্রযোজনায় গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে ‘ধ্রুব মিউজিক কটেজ’ ইউটিউব চ্যানেলে। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানগুলো শোনা যাচ্ছে।