এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী পড়শী রুমী। বিজ্ঞাপনের মডেল হিসেবে যেমন নজর কাড়ছেন, তেমনি কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিও ও গুণী নির্মাতাদের নাটকেও অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা। তবে বিগত বেশ কিছু দিন যাবত অভিনয়ে নেই তিনি। জীবনের তাগিদে ও পারিবারিক কারণে ঢাকা ছেড়ে নিজ শহর সিলেটের মেজরটিলায় অবস্থান করছেন এই অভিনেত্রী।
আপাতত অভিনয় থেকে দূরে থাকলেও রুমীর মন পড়ে রয়েছে মিডিয়াতেই। ক্যামেরার সামনে ফেরার ব্যাকুলতা থাকলেও পরিবেশ ও সার্বিক পরিস্থিতির কারণে এখনই অভিনয়ে ফেরা হচ্ছে না তাঁর। তবে সিলেটে একদম বসে নেই তিনি; যুক্ত হয়েছেন অনলাইন কেক ব্যবসায়। নিজ হাতে কেক তৈরি করে তা গ্রাহকদের কাছে সরবরাহ করছেন। অল্প দিনেই সিলেট ও আশপাশের অঞ্চলের মিষ্টান্নপ্রেমীদের দৃষ্টি কেড়েছেন তিনি, পাচ্ছেন প্রচুর অর্ডারও। নতুন এই পেশায় দারুণ আনন্দ পাচ্ছেন বলেও জানান রুমী।
পড়শী রুমী বলেন, “ভেবেছিলাম এই বছর মিডিয়াতে কাজ করার মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরব। কিন্তু সেটা আর হয়ে উঠল না। আসলে অভিনয় করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, বেশ কিছু ভালো কাজও করেছিলাম। তবে এখন জীবনের প্রয়োজনে ও পারিবারিক কারণে সিলেটে থাকতে হচ্ছে। সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকতে পারি।” তবে সিলেটে ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও একটি ভালো গল্পের সিনেমায় কাজ করার সুপ্ত বাসনা ধারণ করে আছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে এটিএন বাংলা আয়োজিত ‘নাট্যযুদ্ধ’ এবং চ্যানেল আইয়ের ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পড়শী রুমী। দুটি রিয়েলিটি শোতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে নির্মাতাদের নজর কাড়েন তিনি। মান্নান শফিকের পরিচালনায় ‘এক বিন্দু জল’ নাটকের মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক ঘটে।
পরবর্তীতে তিনি মুশফিকুর রহমান গুলজারের ‘জোনাকী জ্বলে’, গাজী বদরুজ্জামানের ‘আত্মসাৎ’ এবং তপু খান ও সাইদুর রহমান খোকনসহ বেশ কয়েকজন জনপ্রিয় নির্মাতার নাটকে অভিনয় করে প্রশংসিত হন। তবে ফোক শিল্পী কিশোর পলাশের ‘দেহ ডিঙ্গি’ গানের মিউজিক ভিডিওতে সাব্বির আহমেদের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসেন পড়শী রুমী।