পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। বিশ্বজুড়ে টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা জীবনীভিত্তিক চলচ্চিত্রের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক।
গত এপ্রিলে মুক্তির পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনা পেছনে ফেলে ধারাবাহিকভাবে বক্স অফিসে সাফল্য পেয়ে আসছে সিনেমাটি। আন্তর্জাতিক বাজার থেকে ৬২৯.৮ মিলিয়ন ডলার এবং উত্তর আমেরিকার বাজার থেকে ৩৭১.৮ মিলিয়ন ডলার আয় করে এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ১.০০১ বিলিয়ন ডলারে।
মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে ‘স্ট্রেট আউটা কম্পটন’-এর রেকর্ড ভেঙেছিল ‘মাইকেল’। দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে গ্রীষ্মকালজুড়েও শক্ত অবস্থান ধরে রেখে একের পর এক রেকর্ড গড়ে সিনেমাটি।
এদিকে, বাস্তব ব্যক্তির জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র হিসেবে ‘মাইকেল’ এখন সর্বোচ্চ আয়কারী সিনেমার স্বীকৃতি পেয়েছে। এ ক্ষেত্রে এটি ‘ওপেনহাইমার’-এর ৯৭৫ মিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে গেছে। পাশাপাশি ‘বোহেমিয়ান র্যাপসোডি’-কে পেছনে ফেলে এটি ইতিহাসের সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিকেও পরিণত হয়েছে।
সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছে। এটি স্টুডিওটির সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং প্রথম সিনেমা, যা ১ বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নিয়েছে। এর আগে লায়ন্সগেটের সবচেয়ে সফল সিনেমা ছিল ২০১৩ সালের ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’।
অ্যান্টোইন ফুকা পরিচালিত ‘মাইকেল’ ছবিতে মাইকেল জ্যাকসনের শৈশবের জ্যাকসন ফাইভ ব্যান্ড থেকে শুরু করে বিশ্বজুড়ে ‘কিং অব পপ’ হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে। ছবির প্রধান আকর্ষণ হিসেবে মাইকেলের বাস্তব জীবনের ভাগ্নে জাফর জ্যাকসন নামভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া তার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং।
সিনেমাটির অভাবনীয় সাফল্যের পর মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে আরও অন্তত একটি চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
এসআর