পোশাকশিল্পের নামি ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল সম্প্রতি একটি ব্যাংকে ২২৬ কোটি টাকার বেশি ঋণ থাকা নিয়ে আলোচনায় এসেছেন। এ নিয়ে নেটদুনিয়ায় নানা কানাঘুষা ও তাকে নিয়ে ‘দেউলিয়া’ হওয়ার গুঞ্জন উঠলেও ইন্ডাস্ট্রির সহকর্মীরা তার পাশে দাঁড়িয়েছেন। এবার অনন্ত জলিলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তার পক্ষে কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ওমর সানী।
ভিডিও বার্তায় অনন্ত জলিলকে একজন ‘ভালো মনের মানুষ’ ও ‘ভালো ফাইটার’ হিসেবে উল্লেখ করে সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, তাকে দেখেছি। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটি তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
অনন্তকে নিয়ে চলা সমালোচনা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তাঁর ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাঁকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’
অনন্তর উদ্দেশে ওমর সানী আরও বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
এ সময় নিজের রেস্তোরাঁ ব্যবসা নিয়ে চলা সমালোচনার প্রসঙ্গও টানেন বর্তমানে অভিনয়ে অনিয়মিত থাকা এই চিত্রনায়ক। তিনি জানান, তার ব্যবসাকে নিয়েও অনেকে সমালোচনা করেন, তবে সেগুলোতে কান না দিয়ে তিনি নিজের মতো কাজ করে যাওয়াকেই প্রাধান্য দেন।