সুরের ভুবনে কত গান, কত স্মৃতি আর অসংখ্য শ্রোতার ভালোবাসা—দীর্ঘ সংগীতজীবনে নিজের কণ্ঠের জাদুতে সেই ভুবনটিকেই সমৃদ্ধ করেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী মঙ্গলবার, ১৭ নভেম্বর এই গুণী শিল্পীর জন্মদিন। বিশেষ দিনটিকে ঘিরে চলছে নানা আয়োজন, যার অংশ হিসেবে উপহারস্বরূপ তাঁর হাতে তুলে দেওয়া হলো একটি স্বর্ণের গিটার।
রুনা লায়লার জন্মদিন উপলক্ষে সম্প্রতি চ্যানেল আইয়ের পক্ষ থেকে ‘রুনা মহল’ শিরোনামে একটি ব্যতিক্রমী ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শিল্পীর হাতে স্বর্ণের গিটার উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। এমন অভিনব ও বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংগীতাঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্র।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নন্দিত চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীর-কন্যা জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরসহ শিল্পাঙ্গনের বিশিষ্টজনেরা।
‘রুনা মহল’ অনুষ্ঠানে শুধু শুভেচ্ছা বিনিময়ই নয়, বরং উঠে আসবে রুনা লায়লার বর্ণাঢ্য জীবনের নানা অজানা অধ্যায় ও স্মরণীয় সব গল্প। আসছে ১৭ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ এই আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনায় রয়েছেন অনন্যা রুমা।
উল্লেখ্য, দীর্ঘ সংগীতজীবনে বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রুনা লায়লা। নিজস্ব কণ্ঠশৈলী ও অনন্য গায়কির মাধ্যমে তিনি যুগ যুগ ধরে মুগ্ধ করে চলেছেন দেশ-বিদেশের অগণিত শ্রোতাকে।