হোম > বিনোদন > তারকা সংবাদ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের অর্থ নেবেন না মোহন রায়হান

স্টাফ রিপোর্টার

কবি মোহন রায়হান অবশেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিয়মানুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার গ্রহণ করতে চান তিনি। এ সময় পুরস্কার গ্রহণ করলেও এর অর্থ গ্রহণ করতে চান না বলে জানান তিনি।

রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মোহন রায়হান বলেন, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণার পর একটি সুসংগঠিত অপপ্রচার শুরু হয়। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী যারা অতীতে স্বৈরাচার ও স্বাধীনতাবিরোধী রাজনীতির সহচর ছিল, নতুন পরিচয়ের আড়ালে সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিতর্ক সৃষ্টি করে।

পুরস্কার প্রদানের আগের দিন পর্যন্ত সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে, ৪১ বছর আগে রচিত একটি কবিতাকে অজুহাত করে আমার পুরস্কার স্থগিত করা হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম, অথচ অন্যদের ডাকা হলেও আমাকে আর ডাকা হয়নি। এই আচরণ শুধু ব্যক্তিগত অপমান নয়, এটি মুক্তচিন্তার প্রতি অবমাননা।’

তিনি জানান, দেশ-বিদেশে এটি ঘিরে আলোচনা-সমালোচনার পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আগামী ২ মার্চ আমাকে পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কার গ্রহণ বিষয়ে মোহন রায়হান তার বক্তব্যে বলেন, ‘পুস্কার প্রদানের ঘোষণার পর আমার পুরস্কার গ্রহণ বা বর্জন নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়। আমরা 'জাতীয় কবিতা পরিষদ'-এর কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করি।

সংখ্যাগরিষ্ঠ মত পুরস্কার গ্রহণের পক্ষে। যুক্তি ছিল, ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করা মানে অপশক্তিকে জয়ী হতে দেওয়া। আবার অনেকে মত দেন, এই অপমানের প্রতিবাদে পুরস্কার বর্জনই নৈতিক অবস্থান হবে। আমি গভীরভাবে ভাবলাম। আমি কোনো পদক বা অর্থের কাঙাল নই। জীবনের সায়াহ্নে এসে সামান্য স্বীকৃতি ও সম্মানের প্রত্যাশাই আমাকে সেখানে নিয়ে গিয়েছিল।’

তিনি বলেন, ‘আমি স্মরণ করি, রাষ্ট্র পুনর্গঠনের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও দুই দফা আলোচনা হয়েছে। আমরা স্পষ্ট বলেছিলাম, আমাদের চাওয়া একটাই, কলমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। তিনি বলেছিলেন, ভালো কাজে উৎসাহ দেবেন, ভুল করলে সমালোচনা করবেন। আমি সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেই পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছি ‘

পুরস্কার গ্রহণের ঘোষণা দিলেও এর অর্থ গ্রহণ করবেন না বলে জানান তিনি৷ তিনি বলেন, ‘পুরস্কারের অর্থ আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করব না। সেটি কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে প্রদান করার আহ্বান জানাচ্ছি।’

এ সময় পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কার করার দাবি জানান তিনি। তিনি বলেন, স্বচ্ছ, দলনিরপেক্ষ, বিশেষজ্ঞনির্ভর ও সর্বজনগ্রাহ্য প্রক্রিয়া প্রবর্তন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো পুরস্কার নিয়ে বিতর্ক বা স্থগিতের পরিস্থিতি সৃষ্টি না হয়।

তিনি বিনীতভাবে অনুরোধ জানিয়ে বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই যেন আমি এই পুরস্কার গ্রহণ করতে পারি। যদি প্রয়োজন হয়, দিন পরিবর্তন করা হোক, কিন্তু প্রক্রিয়াটি মর্যাদাপূর্ণ হোক।

মুমুসোর নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

স্ত্রীর আত্মহত্যা প্রসঙ্গে যা বললেন অভিনেতা জাহের আলভী

প্রেশার কুকার হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সিনেমা : মারিয়া শান্ত

শিল্পাঙ্গনের একুশে পদক

তারকাদের নিয়ে বইমেলায় আসাদ কাজলের কবিবাড়ি

আইয়ুব বাচ্চুর একুশে পদক গ্রহণ করে স্ত্রীর আবেগী বার্তা

‘বাংলাদেশের মানুষের কাছে আমার অনেক ঋণ’

আইনি পদক্ষেপ নিয়েছেন মেহজাবীন চৌধুরী

প্রতারণা মামলায় আবারো গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নাতশিল্পী সৈয়দ সালমান জিলানির মৃত্যু