বর্তমানে প্রবাসে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেও বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু প্রশ্নে বিব্রত হোন এ অভিনেত্রী। এবার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এই প্রভা।
একটি ভিডিও বার্তায় প্রভা বলেন, ভক্তদের ভালোবাসা ও আগ্রহকে তিনি সম্মান করেন, কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা জরুরি। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো পাবলিক প্লেসে হঠাৎ করে কেউ যদি জিজ্ঞেস করেন, ‘আপা বিয়ে করছেন না কেন?’ তাহলে সেটি ভদ্রতার মধ্যে পড়ে না এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।
বিয়ে, জন্ম ও মৃত্যু- এই তিনটি বিষয় সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভরশীল উল্লেখ করে প্রভা বলেন, ‘এই বিষয়গুলো আল্লাহ নিজের হাতে রেখেছেন। কার জীবনে কখন কী ঘটবে, তা কেউ জানে না। আমার ভাগ্যে বিয়ে থাকলে তা হবেই, আর না থাকলে জোর করে কিছুই সম্ভব নয়।’
এই মডেল-অভিনেত্রী আরও বলেন, ‘প্রতিটা মেয়ে— মানে যেই মেয়েটা সবচেয়ে বেশি মডার্ন লাইফ লিড করে, ওই মেয়েটাও চায় একটা সংসার করতে। যেই মেয়েটা খুব রান্নাবান্না করতে চায়, সেই মেয়েটাও চায় যে ওর একটা নিজের সংসার হোক, ওর একটা নিজের কিচেন হোক, ওর একটা স্বামী হোক, সন্তান হোক। যেই মেয়েটা ধরেন প্রচণ্ড ক্যারিয়ার নিয়ে, মানে সে কনশাস, সেই মেয়েটাও আসলে ডিপ ডাউন চায়।’
নিজের জীবনের নানা সংগ্রামের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আল্লাহ হয়তো আমার ভালোর জন্যই অনেক কিছু আমার জীবনে রাখেননি। আমার সংগ্রাম একমাত্র তিনিই জানেন। সবার কাছে আমাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার বোঝাপড়া ঠিক থাকলেই যথেষ্ট।’
ভিডিওতে তিনি উল্লেখ করেন যে, তিনি ইতোমধ্যে এক বা একাধিক 'টক্সিক' বা বিষাক্ত সম্পর্ক এবং একটি 'ব্রোকেন ম্যারেজ' বা ভাঙা সংসারের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। বর্তমানে অতীতের সেসব ট্রমা কাটিয়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছেন এই অভিনেত্রী।
সবশেষে ভক্তদের উদ্দেশ্যে প্রভা ব্যক্তিগত বিষয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন না করার আহ্বান জানান এবং পারস্পরিক সম্মান বজায় রাখার অনুরোধ করেন।