গানের কথায় অশ্লীলতা আর ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে চাপে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাহ। নিজের সাম্প্রতিক গান ‘টাটেরি’ নিয়ে বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা চাইতে বাধ্য হন এই তারকা শিল্পী।
গত মার্চে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দ চয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নজরে আসার পর কমিশন দ্রুত বাদশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।
শুনানি চলাকালীন এই সংগীতশিল্পী কেবল ক্ষমাই চাননি, বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুনানি চলাকালীন বাদশা প্যানেলকে আশ্বস্ত করেছেন যে, তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। এজন্য তিনি আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়াও তিনি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকার করেন।
এদিকে বিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয় গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।