স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনা মামলার হাজিরাপাড়া, কারাবাস ও নানা হয়রানি থেকে মুক্ত হয়ে অবশেষে অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি। দীর্ঘ বিরতি কাটিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে নতুন করে কাজে ফেরার কথা জানিয়েছেন তিনি।
আজ, মঙ্গলবার (১৩ অক্টোবর) ফেসবুকে আলভি তাঁর অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’
এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে...।’
এরপর তিনি জানান, প্রায় সাত মাস পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সামির রহমান রাব্বির পরিচালনায় ও প্রযোজক মাহমুদ হাসান রানার তত্ত্বাবধানে নতুন এই কাজটির মাধ্যমে কাজে ফিরলেন এই অভিনেতা।
উল্লেখ্য, গত ১৮ জুন স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভি। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাঁকে আবারও কারাগারে পাঠানো হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন লাভ করেন এই অভিনেতা।
কারাগার ও আইনি জটিলতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে অবশেষে আবারও প্রিয় অভিনয়ে নিয়মিত হচ্ছেন জাহের আলভি।