ভক্ত-শ্রোতাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকে নিজের নামে ফাউন্ডেশন গড়ার উদ্যোগ নিয়েছেন নগর বাউলখ্যাত রক তারকা জেমস। ‘জেমস ফাউন্ডেশন’ নামের এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার সৃষ্টিশীল সংগীতকর্ম সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে। এরই মধ্যে ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন এ তথ্য নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরেই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পরিকল্পনা চলছিল। বর্তমানে এর প্রাথমিক বাস্তবায়ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সম্পর্কে রবিন ঠাকুর বলেন, “দেশের মানুষ নগর বাউল জেমসকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। জেমসের গান ও সৃষ্টিশীল কাজ যেন যথাযথভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই কাজ করবে ফাউন্ডেশন। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।”
আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশের পর নিজস্ব গায়কী, সুর ও অনবদ্য পরিবেশনায় তিনি দেশের রক সংগীতের অন্যতম শীর্ষ তারকায় পরিণত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার অগণিত ভক্ত। চার দশকের বেশি সময় ধরে মঞ্চে সমান দাপটের সঙ্গে গান গেয়ে চলেছেন এই সংগীতশিল্পী।