বিশ্বমঞ্চে একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন। ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবের পর তার নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম সম্মানজনক বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরে। যুক্তরাজ্যের এই ঐতিহ্যবাহী উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে মনোনীত হয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করল ছবিটি।
আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ভ্যারাইটি জানায়, আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য লড়াই করবে মোট ১০টি সিনেমা। সেখানে জাপানের হিরোকাজু কোরে-এদা, ইউক্রেনের সের্গেই লোজনিতসা ও ডেনমার্কের মে এল-তুখির মতো বিশ্বখ্যাত নির্মাতাদের চলচ্চিত্রের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
ঢাকাকেন্দ্রিক মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই সিনেমার মূল প্রেক্ষাপট ঐতিহ্যবাহী 'মেফেয়ার বিউটি পার্লার'। প্রচলিত গল্প অনুযায়ী, একসময় এই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা যান। সেই প্রেক্ষাপটে বিয়ের প্রস্তুতির জন্য আসা এক তরুণীর সঙ্গে ঘটতে থাকা অতিপ্রাকৃত ও অদ্ভুত ঘটনা নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনী।
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে জাইনীন করিমের। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী—আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া আরও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
বাংলাদেশ ছাড়াও চলচ্চিত্রটির সহ-প্রযোজনায় যুক্ত রয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ে। আন্তর্জাতিক নানা উৎসবে একের পর এক স্বীকৃতি পেয়ে সিনেমাটি এখন বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রের নতুন সম্ভাবনা তৈরি করছে।