দীর্ঘ ১৯ বছর পর জনপ্রিয় অভিনেত্রী অপি করিম যে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ফিরেছিলেন, সেই বহুল আলোচিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’ এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) রাত ১২টা (২৪ সেপ্টেম্বর) থেকে আন্তর্জাতিকভাবে সমাদৃত এই সিনেমাটি চরকিতে দেখা যাবে।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী এবং এটি প্রযোজনা করেছেন বাংলাদেশের জসীম আহমেদ। এটি অপি করিমের ক্যারিয়ারের দ্বিতীয় এবং প্রথম যৌথ প্রযোজনার সিনেমা।
দীর্ঘ দুই দশক পর চলচ্চিত্রে ফেরা নিয়ে অপি করিম জানান, নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর কাজ, বিশেষ করে ‘ভালোবাসার শহর’ সিনেমার প্রতি মুগ্ধতা এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করার আগ্রহ থেকেই সিনেমাটিতে যুক্ত হওয়া। গল্প ও চরিত্রগুলোর স্বাভাবিকতা তাঁকে সবচেয়ে বেশি টেনেছিল।
নগরজীবনের কঠিন বাস্তবতায় দারিদ্র্য, বেকারত্ব ও ভঙ্গুর সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় ‘সোমা’ চরিত্রে অভিনয় করেছেন অপি করিম এবং তাঁর স্বামী ‘চন্দন’ চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এতে অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্রে ‘সত্য’ হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের সোহেল মন্ডল। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি নবাগত অভিনেতা হিসেবে ‘ফিল্মফেয়ার বাংলা পুরস্কার’ অর্জন করেন। অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষ।
আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি অনন্য সাফল্য কুড়িয়েছে। ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর বিশ্ব প্রিমিয়ার হয় এবং এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। এরপর মস্কো, ইতালি, কলকাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন পুরস্কার জয়ের পাশাপাশি ২০২৪ সালের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-তে সাতটি বিভাগে পুরস্কৃত হয় সিনেমাটি।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘মায়ার জঞ্জাল’। এবার প্রেক্ষাগৃহের গণ্ডি পেরিয়ে ওটিটি মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে যাচ্ছে দর্শক ও সমালোচকদের প্রিয় এই চলচ্চিত্রটি।