গেল বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘জংলি’ কোরবানির ঈদ ঘিরে চলছে ওটিটি প্ল্যাটফর্মে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শুক্রবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে ‘জংলি’ সিনেমার মূল গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে জনি নামের এক তরুণকে ঘিরে, যে চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জনির বেপরোয়া আচরণের পেছনে রয়েছে বাবার সঙ্গে তার মানসিক দূরত্ব। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর জন্য জনিকে দায়ী করেন তার বাবা। জীবনের এই টানাপোড়েনের মাঝে জনির জীবনে আসে নূপুর নামের এক মেয়ে, তাকে ঘিরেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখে সে। কিন্তু অপ্রত্যাশিত এক ঘটনায় পাল্টে যায় সব সমীকরণ। সবকিছু ছেড়ে জনি একা বেঁচে থাকার স্বপ্ন দেখে। তার জীবনে হঠাৎ আগমন ঘটে ছোট্ট মেয়ে ‘পাখি’।
পাখি আর জনির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের গল্পেই এগিয়ে যাবে সিনেমাটি। পরিচালক এম রাহিম এর আগে গ্লিটজকে বলেছিলেন, ‘জংলির গল্প প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে খুব সম্পৃক্ত। সিনেমাটি দেখে মানুষ মনে করবে এটা আমার এলাকার ঘটনা। প্রেক্ষাগৃহ থেকে দর্শক যে তৃপ্তি নিয়ে বের হয়েছেন, অন্যরকম এক অনুভূতি তৈরি হবে ওটিটিতেও।’
সিনেমায় সিয়াম ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, রাশেদ মামুন অপু, সোহেল খান ও এরফান মৃধা শিবলুসহ অনেকে। এ সিনেমায় চারটি গান রয়েছে। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।