আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’-এ মুক্তি পেয়েছে হলিউডের নতুন দুই চলচ্চিত্র। ভৌতিক ঘরানার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ইনসিডিয়াস : আউট অব দ্য ফারদার’ এবং জনপ্রিয় অ্যানিমেশন সিরিজের ছবি ‘পাও পেট্রোল : দ্য ডাইনো মুভি’।
ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার
সবশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’-এর সাফল্যের পর সনি পিকচার্স নিয়ে এলো ভৌতিক ফ্র্যাঞ্চাইজিটির নতুন অধ্যায়। জ্যাকব চেজ পরিচালিত এই আমেরিকান অতিপ্রাকৃতিক ভৌতিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ। আরও আছেন ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স এবং লিন শে।
গল্পের কেন্দ্রবিন্দু জেমা নামের এক তরুণী মা। মেয়েকেনিয়ে শৈশবের বাড়িতে থাকার সময় সে আবিষ্কার করে, তার কাছে ‘দ্য ফারদার’ নামের অশুভ আত্মার জগতে যাওয়া-আসার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। তবে জেমার এই ক্ষমতা অন্য সবার চেয়ে আলাদা ও মারাত্মক; সে চাইলেই সেই অশুভ রাজ্যের দানব ও আত্মাদের বাস্তব জগতে টেনে আনতে পারে। জেমার এই ক্ষমতা জানতে পেরে অশুভ শক্তিগুলো বাস্তব জগতকে নিজেদের খেলার মাঠে পরিণত করতে মরিয়া হয়ে ওঠে। ভৌতিক সিনেমার ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে টানটান রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।
পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি
জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’ দিয়ে পর্দায় ফিরেছে উদ্ধারকারী কুকুর দল। ক্যাল ব্রুঙ্কার পরিচালিত সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন ম্যাকেনা গ্রেস, কার্টার ইয়ং, টেরি ক্রুস, জেনিফার হাডসন, প্যারিস হিলটন ও স্নুপ ডগ।
এবারের গল্পে একটি রহস্যময় ঝড়ের কবলে পড়ে পাও পেট্রোলের জাহাজ দুর্গম এক ট্রপিক্যাল দ্বীপে বিধ্বস্ত হয়, যেখানে বাস করে জীবন্ত সব ডাইনোসর! সেখানে তাদের পরিচয় হয় ‘জবী’ নামের এক শারীরিক সীমাবদ্ধতা থাকা বুদ্ধিমান কুকুরের সঙ্গে, যে বহু বছর ধরে ওই দ্বীপে আটকে থেকে ডাইনোসরদের বন্ধু হয়ে উঠেছে। অন্যদিকে, পুরোনো শত্রু মেয়র হামডিঙ্গার দ্বীপের প্রাকৃতিক সম্পদ দখলের জন্য খনন শুরু করলে সুপ্ত এক আগ্নেয়গিরি জেগে ওঠে। ডাইনোসর ও দ্বীপবাসীদের বাঁচাতে জবী ও পাও পেট্রোল দল একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক মিশনে। ব্যাকস্ট্রিট বয়েজের নতুন গান 'বটল আপ' সমৃদ্ধ এই অ্যানিমেশন ছবিটি শিশুসহ পুরো পরিবারের বিনোদনের জন্য একদম উপযুক্ত।