একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের গল্পে বটতলা প্রযোজিত ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকটি ফের মঞ্চে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকটি দেখানো হবে। ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ। বটতলা বিজ্ঞপ্তিতে বলছে, শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প, ক্ষমতা চর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কীভাবে বাঁচে, তারই শিল্পীত উপস্থাপন এই নাটক। ‘নাটকের কাহিনি একটি কারখানার কর্মজীবী যুবতীকে নিয়ে, যার জীবনযাপন ফাঁদের ভেতর আটকা। স্বামী, শিশুসন্তান, কারখানার চাকরি ও হতদরিদ্র বাসগৃহ সব মিলিয়ে দৈনন্দিন নানা টানাপোড়েন তাকে এক অসহায় আবর্তে বেঁধে রেখেছে। রোজ সকালে দলে দলে যেসব নারীকে আমরা রাস্তা পার হতে বা ফুটওভার ব্রিজে উঠতে-নামতে দেখি, তেমনই এক নারীর প্রতিদিনের জীবনাচার, সংসারের ঘ্যানচক্কর, চুপচাপ সয়ে যাওয়া জীবন, মাল্টিন্যাশনাল ক্রেতার জন্য তৈরি পোশাকের কারখানায় কষ্টকর ওভারটাইম, উদাসীন স্বামীর বদমেজাজ এবং একদিন সব ছেড়ে জ্বলে ওঠার চেষ্টার গল্প নিয়েই নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রু, আফফান রহমান, মনিরা খাতুন সৃষ্টিসহ অনেকে। কাজী রোকসানা রুমা বলেন, “জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প নিয়ে রাইজ অ্যান্ড শাইন। এতে একজন পোশাক শ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। ‘মইরমের মা’ চরিত্রটিতে চেনাজানা মানুষের ছায়া খুঁজে পাবেন দর্শক।” বটতলার এই আলোচিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’ প্রথম মঞ্চে আসে ২০২২ সালের জুনে। এরপর বিভিন্ন সময়ে এর মঞ্চায়ন হয়েছে।