হোম > বিনোদন > চলচ্চিত্র

কাব্যিক রূপক ও রহস্যে ঘেরা ‘বনলতা সেন’-এর টিজার

বিনোদন রিপোর্টার

জীবনানন্দ দাশের কালজয়ী সেই ‘বনলতা সেন’ বাঙালির আবেগ আর গভীর ভালোবাসার এক চিরন্তন আশ্রয়। বিদিশার নিশার মতো কালো চুল আর শ্রাবস্তীর কারুকার্যের সেই মায়াবী রূপ এবার শুধু কল্পনায় নয়, দেখা যাবে বড় পর্দায়।

যান্ত্রিক নাগরিক জীবনের ধূসরতা মুছে দর্শকের হৃদয়ে একপশলা কাব্যিক দোলা দিতে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র বনলতা সেন।

জীবনানন্দের সেই অমর সৃষ্টিকে চলচ্চিত্রের ফ্রেমে নতুন এক রূপক আবহে জীবন্ত করে তুলছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। বাঙালির মননে বনলতা সেন কেবল নিছক কোনো কবিতা নয়, এটি যেন এক টুকরা শান্তির ঠিকানা।

জীবনসংগ্রামের তপ্ত রোদে পুড়তে পুড়তে ক্লান্ত পথিক যখনই একটুখানি শীতল ছায়া খুঁজেছে, তখনই মনের অজান্তে গুনগুন করে উঠেছে ‘দুপাশে আলোর সারি, মাঝে বনলতা সেন’। যুগের পর যুগ ধরে কাগজের পাতায় বন্দি থাকা সেই চিরন্তন রোমান্টিকতা আর মায়াবী অনুভবকে এবার চলচ্চিত্রের ফ্রেমে বন্দি করেছেন পরিচালক।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ৫৪ সেকেন্ডের টিজার। টিজারটি দেখেই অনুমান করা যায়, চেনা ঘরানার কোনো চটকদার বাণিজ্যিক ঝলক নয়, বরং এটি ক্যামেরার লেন্সে এক টুকরা জীবন্ত কবিতা। টিজারটি জুড়ে রয়েছে এক অদ্ভুত ধ্রুপদি আবহ। ধূসর, জনমানবহীন এক বালুকাময় প্রান্তরে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য কাগজের পাতা।

দৃশ্যটি মনে করিয়ে দেয় কবির জীবদ্দশায় চরম অবহেলায় পড়ে থাকা তার কালজয়ী সৃষ্টি ‘ধূসর পাণ্ডুলিপি’র দিনগুলোকে। সাহিত্যের সেই ছড়িয়ে থাকা চাদরের ওপর লাল শাড়িতে দাঁড়িয়ে এক নারী, যার চুলের গভীর অন্ধকার যেন বিদিশার নিশার কথাই মনে করায়। তিনিই আমাদের চিরচেনা বনলতা সেন। তার পাশ দিয়ে হেঁটে যাওয়া সাদা পোশাকের পুরুষ অবলীলায় রূপ ধারণ করেন স্বয়ং জীবনানন্দের।

এখানেই শেষ নয়, টিজারে পরম যত্নে কাগজ কুড়িয়ে নেয়া এক রহস্যময় যুবকের দেখা মেলে। পোস্টারের সূত্র ধরে ধারণা করা হচ্ছে এটি গল্পেরই এক গুরুত্বপূর্ণ চরিত্র মাহিন। এ চরিত্রের আড়ালে কি লুকিয়ে আছেন জীবনানন্দের কবিতার প্রধান পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসু? সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর হয়তো মিলবে পূর্ণাঙ্গ ট্রেলারে।

সংলাপহীন এ টিজারে কোনো সস্তা রোমান্স বা চটক নেই, বরং ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠা একটি বাঁশির যন্ত্রণাদগ্ধ অথচ প্রশান্তিময় সুর দর্শককে বর্তমানের কোলাহল থেকে টেনে নিয়ে যায় এক ঘোরলাগা অতীতে। পোস্টারের ট্যাগলাইন ‘দ্য ফ্লেশ অব এ পোয়েট্রি’ বা ‘কবিতার শরীর’ কথাটি যেন এ টিজারের প্রতিটি ফ্রেমে পুরোপুরি মিশে গেছে।

সরকারি অনুদানে নির্মিত হয়েছে এ বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। সিনেমার মূল আকর্ষণ এর কাস্টিং। নাম ভূমিকায় অর্থাৎ বনলতা সেন চরিত্রে বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে ‘আয়নাবাজি’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার।

তার সেই মায়াবী চোখ আর স্নিগ্ধ উপস্থিতি বনলতা চরিত্রটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে রূপসী বাংলার রূপকার কবি জীবনানন্দ দাশ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। প্রধান দুই চরিত্রের পাশাপাশি সিনেমাটির বিভিন্ন বাস্তব ও রূপকধর্মী চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশির মতো একঝাঁক গুণী শিল্পী।

উৎসবের আমেজে ঈদের সিনেমা মানেই যেখানে ভরপুর অ্যাকশন, মারপিট গানের জোয়ার, সেখানে বনলতা সেন হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধারার এক রুচিশীল ও নান্দনিক উপহার। যারা রুপালি পর্দায় কবিতার জাদু, ইতিহাসের সুতা আর শিল্পের শুদ্ধতম রূপ দেখতে ভালোবাসেন, ঈদুল আজহায় তাদের জন্য এ সিনেমা হতে যাচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ।

সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও আসছে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

বিনামূল্যে বড়পর্দায় সালমান-শাবনূরের সিনেমা

নান্দনিক পোস্টারে চমক দেখাল ‘বনলতা সেন’

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’

শ্রমজীবী নারীর সংগ্রাম নিয়ে মঞ্চে ‘রাইজ অ্যান্ড শাইন’

শিশুদের রহস্য আর সাহসিকতার গল্পে ‘গুপ্তধনের খোঁজে’

প্রকাশ্যে শাকিবের ‘পিরিতি’

ভয়ংকর তুর্কি সিনেমা ‘সিজ্জিন ৯’ আসছে বাংলাদেশে

হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল

ঈদ উপলক্ষে ওটিটিতে আসছে ‘দম’