হোম > বিনোদন > চলচ্চিত্র

আবার ইউরোপের পথে ‘দেলুপি’

বিনোদন রিপোর্টার

‘শাটিকাপ’খ্যাত নির্মাতা তাওকীর ইসলাম পরিচালিত সিনেমা দেলুপি। সিনেমাটি এর মধ্যেই দর্শক ও সমালোচকদের দারুণ প্রশংসা পেয়েছে। দেশের দর্শক সিনেমাটি দেখেছেন। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রটারড্যাম উৎসব অন্যতম।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র দেলুপি। ২৩-২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মানজনক ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ জায়গা করে নিয়েছে এ সিনেমা।

উৎসবের অংশ হিসেবে ২৫ এপ্রিল স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাডকিনো থিয়েটারে দেলুপির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরই সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

রটারড্যামের সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি দেলুপির দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ। ফুটপ্রিন্ট ফিল্ম প্রডাকশনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি বাংলাদেশি সিনেমার সমকালীন ভাষা ও নির্মাণশৈলীকে বিশ্বদরবারে রিপ্রেজেন্ট করছে। ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং চলচ্চিত্রপ্রেমীদের এ বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

দেলুপির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে। এটি আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া।’

উল্লেখ্য, দেলুপি নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সে অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। এটি শুধু ওই অঞ্চলের নয়, বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী, সবই স্থানীয়।

জেফার-প্রীতমের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’

শাকিব খানের ‘প্রিন্স’ নষ্ট হওয়ার কারণ জানালেন সুমন

তানজিকা আমিনের দুই সিনেমা

ফিল্ম আর্কাইভের আয়োজনে মাসব্যাপী ফ্রি চলচ্চিত্র উৎসব

যুক্তরাজ্যে ‘বিফোর দ্য ওয়ার্ল্ড’-এ প্রশংসিত বাংলাদেশি নির্মাতা আজিজুর রহমান

‘প্রিন্স’-এর জন্য শাকিবের দুঃখ প্রকাশ

নিশোর ‘দম’ এবার যুক্তরাষ্ট্রে

শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই