ঈদে মুক্তি পাওয়া দুই সিনেমা আফরান নিশোর ‘দম’ ও মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীদের ‘বনলতা এক্সপ্রেস’ এবার মুক্তি পেল দেশের বাইরের প্রেক্ষাগৃহে। সিনেমা দুটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। এর আগে এক বিজ্ঞপ্তিতে ‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, ২৭ মার্চ সিডনির ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত সোয়া ৯টায় সিনেমাটির প্রথম প্রদর্শনী হবে। পরদিন ২৮ মার্চ বিকাল ৫টায় প্রসপেক্ট এবং ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়েরিবি হলে সমাপনী প্রদর্শনী হবে। পর্যায়ক্রমে আরো দেশ, শহরে যাবে ‘দম’।
শাকিল বলেন, ‘শুরু থেকেই দম ঘিরে দর্শক চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বাজারেও ঈদের প্রথম সিনেমা হিসেবে দম মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর।’
সিনেমাটি নিয়ে পরিচালক রনি বলেন, ‘একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির এই গল্প যেভাবে দেশীয় দর্শকরা গ্রহণ করেছেন, আশা করি প্রবাসীরাও একইভাবে এর সঙ্গে নিজেদের আবেগ মেলাতে পারবেন। গল্পটি আমরা এমন করে দেখাতে চেয়েছি যেন মনে হয় এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশির জয়ের গল্প। অস্ট্রেলিয়ার পর অন্য দেশগুলোতেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে।’
বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার আকুতি ও মানবিক গল্পের সিনেমা ‘দম’। পরিচালক রনি এই সিনেমা দিয়ে প্রায় দশ বছর পর বড় পর্দায় ফিরেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী; তাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘দম’। গল্পটি নির্মাতা পেয়েছেন ঈদ সংখ্যায় প্রকাশ করা এক বিশেষ ম্যাগাজিনে।
সেই গল্প তুলে ধরে নির্মাতা রেদোয়ান রনি বলেন, ‘প্রতিবার ঈদ করতে গ্রামে যাই। একবার ঈদ সংখ্যার ম্যাগাজিন বাড়ি নিয়ে গিয়েছিলাম, তখন গল্পটা পড়ে চোখে পানি চলে আসে। কাজটি করার আগ্রহ দেখাই। সেই গল্পের অনুপ্রেরণায় তৈরি হলো দম। সিনেমার প্রধান চরিত্রটি অদ্ভুত এক অনুভূতি এনে দিয়েছে। একজন মানুষের মানসিক শক্তি কতটা দমদার হতে পারে তা পর্দায় দেখা যাবে। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’
সিনেমার বড় অংশের দৃশ্যধারণ হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পেয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে। এই সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি তার কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন। ‘দম’-এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।
দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমিয়ে আয় করছে ছবিটি। সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দেখা যাচ্ছে তারকাবহুল এই সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এবং এর পরিবেশক বঙ্গজ ফিল্মস।
বঙ্গজ ফিল্মস জানিয়েছে, গতকাল থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসলসহ শহরটির ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়াও আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ছবিটি। মুক্তির পর থেকেই দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে ছবিটি। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়।
উল্লেখ্য, একটি ট্রেন যাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।