একজন সংবাদপত্রের সফল সম্পাদক ও প্রকাশক, অন্যজন বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অধ্যাপক। পেশাগত জীবনে সফল হলেও দাম্পত্য জীবনে লেগে রয়েছে ভালোবাসা, অভিমান আর তীব্র সম্পর্কের টানাপোড়েন। এমন এক বাস্তবমুখী গল্পের প্রেক্ষাপটে প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসছেন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ দেখা যাবে তাদের।
ইতোমধ্যে ঢাকার ৩০০ ফুট এলাকার একটি শুটিংবাড়িসহ চ্যানেল আই ভবনেও দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। পরিচালক জানিয়েছেন, আর মাত্র কয়েক দিনের কাজ বাকি থাকলেই শেষ হবে পুরো শুটিং। ৬০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ।
নির্মাতা সেলিমের পরিচালনায় এটি ইমতিয়াজ বর্ষণের প্রথম কাজ। শৈশব-কৈশোর থেকে যাঁর কাজ দেখে বড় হয়েছেন, সেই স্বপ্নের পরিচালকের ফ্রেমে বন্দী হতে পেরে উচ্ছ্বসিত এই অভিনেতা। গল্পটি প্রসঙ্গে বর্ষণ বলেন, “সম্পর্কের নানা ‘টক-মিষ্টি-ঝাল’ অনুভূতির সমন্বয়ে ফিল্মটির কাহিনি এগিয়ে যাবে। আর পরীমনির সঙ্গে কাজের অভিজ্ঞতাও চমৎকার।”
অন্যদিকে, বর্ষণের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ গিয়াসউদ্দিন সেলিম। বর্ষণকে একজন যোগ্য ‘টিমম্যান’ উল্লেখ করে তিনি জানান, তাঁর কাছে বর্ষণকে সত্যিকারের একজন ভালো অভিনেতা মনে হয়েছে।
‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর আবারও গিয়াসউদ্দিন সেলিমের সাথে কাজ করছেন পরীমনি। চার বছর পর এই পরিচালকের ফ্রেমে ফিরে আসা প্রসঙ্গে সেলিম বলেন, সময়ের পরিক্রমায় পরীমনি এখন অনেক বেশি পরিণত। এই চ্যালেঞ্জিং চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি বেশ আন্তরিকভাবে পরিশ্রম করছেন।
তবে শুটিং শেষের দিকে হলেও ওটিটি প্ল্যাটফর্মে কবে নাগাদ ওয়েব ফিল্মটি অবমুক্ত করা হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি নির্মাতা।