হোম > বিনোদন > চলচ্চিত্র

যুক্তরাষ্ট্রে অনুদান ও দুই পুরস্কার পেলেন নির্মাতা শামস

বিনোদন রিপোর্টার

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তার প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘লিফ্ট’ প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কজিতো, এরগো সুম’-এর জন্য তিনি মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ও সেরা ননফিকশন বিভাগে দুটি পুরস্কার পেয়েছেন।

জানা গেছে, ‘দ্য ওয়াটার রিডার্স’ নির্মাণের জন্য লিফ্ট প্রোগ্রামের আওতায় নির্বাচিত পাঁচ নির্মাতার একজন আহমেদ তাহসিন শামস। ইন্ডিয়ানার স্থানীয় বাস্তব গল্প তুলে ধরতে নির্বাচিত প্রত্যেক নির্মাতাকে পাঁচ হাজার মার্কিন ডলার অনুদান ও মেন্টরশিপ দেওয়া হচ্ছে। আগামী জুলাইয়ে ইন্ডি শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। চলচ্চিত্রটিতে ইন্ডিয়ানার ছোট নদী ও খালকে কেন্দ্র করে জলজপ্রাণী এবং কমিউনিটি সায়েন্সের মাধ্যমে নদীর স্বাস্থ্য, পরিবেশ ও দূষণের ইতিহাস তুলে ধরা হবে।

এর আগে, গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে ‘কজিতো, এরগো সুম’ চলচ্চিত্রের জন্য আহমেদ তাহসিন শামস সেরা পরিচালক ও সেরা ননফিকশন বিভাগে দুটি পুরস্কার অর্জন করেন।

তিনি জানান, চলচ্চিত্রটি সেন্টার ফর রিসার্চ অন রেস অ্যান্ড এথনিসিটি ইন সোসাইটি (CRRES) অ্যাওয়ার্ড এবং ফ্রান্সেস গোইন্স উইলহয়েট রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসের অনুদান সহায়তায় নির্মিত। আন্তর্জাতিক পথচলায় নিজের এসব অর্জন প্রসঙ্গে শামস বলেন, ‘নির্মাণই যখন মূল লক্ষ্য, তখন এসব অনুদান ও পুরস্কার দারুণ অনুপ্রেরণা দেয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নামটির উপস্থিতিও আমাকে গর্বিত করে।’

বর্তমানে শামস যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের মিডিয়া আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভাগে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। তার গবেষণার ক্ষেত্র পরিবেশভিত্তিক মিডিয়া, পরিবেশকেন্দ্রিক প্রামাণ্যচিত্র নির্মাণ এবং সমালোচনামূলক শিক্ষাপদ্ধতি। গবেষণার অংশ হিসেবেই, বাংলাদেশকে কেন্দ্র করেও একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন শামস।

‘লোটাস ইন দ্য ওয়েস্টল্যান্ড’ শিরোনামের এই চলচ্চিত্রটি ঢাকার হাজারীবাগ এলাকার বৃহত্তর আর্ট ফাউন্ডেশন এবং শিল্পী-শিক্ষক বিশ্বজিৎ গোস্বামীকে ঘিরে নির্মিত হচ্ছে। এতে সহ-পরিচালক হিসেবে রয়েছেন ঢাকাভিত্তিক নির্মাতা সাদ্দাম হোসেন।

নির্মাতা জানান, হাজারীবাগের পুরোনো ট্যানারি ভবনের ছাদে গড়ে ওঠা বৃহত্তর আর্ট ফাউন্ডেশনকে কেন্দ্র করে বিশ্বজিৎ গোস্বামীর ‘গঙ্গাবুড়ি’, ‘পদ্ম’ এবং ‘হাজারীবাগ’ প্রকল্পগুলো নতুন মাত্রা পেয়েছে। এসব প্রকল্পে বুড়িগঙ্গা নদীর দূষণ, নগর জীবনের সংকট এবং প্লাস্টিক বাছাই করে জীবিকা নির্বাহ করা নারীদের জীবনসংগ্রাম উঠে এসেছে।

শামস বলেন, ‘এই প্রকল্পগুলোতে বুড়িগঙ্গা নদীর দূষণের বাস্তবতা, নগর জীবনের সংকট এবং প্লাস্টিক বাছাই করে জীবিকা নির্বাহ করা নারীদের জীবন অভিজ্ঞতা একসূত্রে যুক্ত হয়েছে। যা আমার গবেষণার সঙ্গেও সম্পর্কযুক্ত। তাই এই বিষয়গুলো নিয়েই আমি প্রামাণ্যচিত্র নির্মাণে উদ্যোগী হয়েছি।’

এর আগে আহমেদ তাহসিন শামস নির্মাণ করেছেন দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেহস্টেশন’ ও ‘আর্শিনগর’। ২০২২ সালে চলচ্চিত্র দুটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়। ‘আর্শিনগর’ চলচ্চিত্রটি স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্রে অভিনয় করেন শাহাদাৎ হোসেন এবং প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল।

রোজার ঈদের পর দেশে মুক্তি পেল নতুন দুই সিনেমা

সেরিব্রাল পালসি পেশেন্ট নিয়ে গাজী রাকায়েতের সিনেমা ‘মানুষটিকে দেখ’

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

বাংলাদেশে আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল

মাইকেলের ছেলেরা থাকতে কেন নাম ভূমিকায় জাফর জ্যাকসন

কালজয়ী বন্ধুত্ব নিয়ে ফিরছে ‘থ্রি ইডিয়টস’- এর সিক্যুয়েল

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান ঘোষণা

ভ্রমণগল্প থেকে ১০ চলচ্চিত্র

প্রচারণা ছাড়াই বুবলী-রোশানের সিনেমা মুক্তির ঘোষণা

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বায়োপিক ‘মাইকেল’