হোম > বিনোদন > চলচ্চিত্র

দর্শকের সাড়ায় টিকিটের বিনিময়ে সিনেমা প্রদর্শন শিল্পকলায়

আমার দেশ অনলাইন

প্রথমবারের মতো দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে আজ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে তিনটি সিনেমা প্রদর্শিত হবে। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

আজকের প্রদর্শনীতে বেলা ৩টা ৩০ মিনিটে আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, সন্ধ্যা ৬টায় মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ দেখানো হবে।

শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দর্শকদের চলচ্চিত্র দেখার আগ্রহকে গুরুত্ব দিয়েই নিয়মিতভাবে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে গত ৯ থেকে ১১ আগস্ট রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব ‘একাল-সেকাল’। তিন দিনের এ উৎসবে ছয়টি সিনেমা প্রদর্শিত হয়। উন্মুক্ত এই আয়োজনে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায়।

দর্শকদের সেই সাড়া বিবেচনায় নিয়ে এবার টিকিটের বিনিময়ে সিনেমা প্রদর্শনের কার্যক্রম শুরু করছে শিল্পকলা একাডেমি। দীপক কুমার গোস্বামী জানান, এটি বর্তমানে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে অন্তত এক দিন সিনেমা প্রদর্শনের আয়োজন করা হবে। পর্যায়ক্রমে ঢাকার বাইরের শিল্পকলাগুলোতেও এ কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, নিয়মিত সিনেমা প্রদর্শনের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে দর্শকদের জন্য চলচ্চিত্র দেখার একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, আজকের প্রদর্শনী থেকে টিকিট বিক্রির পুরো অর্থ সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া হবে। পরবর্তী সময়ে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত হলে টিকিট বিক্রির ৭০ শতাংশ অর্থ পাবেন প্রযোজকেরা এবং বাকি ৩০ শতাংশ যাবে শিল্পকলা একাডেমির তহবিলে।

এসআর

ভারতজুড়ে বোমা হামলার হুমকি, আতঙ্কে নয়াদিল্লি

সাপের কামড়ে মৃত্যু, ঝাড়ফুঁকে জীবিত করার চেষ্টা

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিকমাধ্যম ব্যবহারে জরুরি নির্দেশনা

প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কা‌জকে স্বাগত জা‌নি‌য়ে ছাত্রদলের শোভাযাত্রা

নতুন আয়ের ব্যবস্থা আনছে এক্স

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

নালা খুঁড়তে গিয়ে স্বর্ণের ভান্ডার পেলেন শিক্ষার্থী

দুর্গাপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সব সময়ই থাকে তালাবদ্ধ

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি