হোম > বিনোদন > চলচ্চিত্র

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

বিনোদন রিপোর্টার

একসময় শ্রমজীবী ও সাধারণ মানুষের বিনোদনের প্রধান কেন্দ্র ছিল সিনেমা হল। কিন্তু সময়ের পালাবদল, প্রযুক্তিনির্ভর বিকল্প বিনোদন এবং মানসম্মত সিনেমার খরায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহগুলো। সেই ধারাবাহিকতায়, গাজীপুরের ঐতিহ্যবাহী ও পরিচিত প্রেক্ষাগৃহ ‘উল্কা’ সিনেমা হল চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পথে।

নিয়মিত লোকসান, দর্শকসংকট এবং অস্বাভাবিক পরিচালনা ব্যয়ের চাপে আগামী নভেম্বর মাস থেকেই হলটি বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে জেলার সাধারণ দর্শকদের বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ আরও সংকুচিত হয়ে পড়ল।

হলটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক উদ্দিন গণমাধ্যমকে জানান, বর্তমানে যে আয় হচ্ছে, তা দিয়ে হলের বিদ্যুৎ বিল পরিশোধ করাও অসম্ভব হয়ে পড়েছে। দর্শক উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিটি শোতেই লোকসান গুনতে হচ্ছে। তিনি বলেন, ‘শুধু দুই ঈদে সিনেমা চালিয়ে একটি হলের পরিচালনা ব্যয় মেটানো সম্ভব নয়।’

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ভালো গল্প এবং পরিচিত তারকার ছবি ছাড়া এখন দর্শক হলে টানানো কঠিন। অতীতে শাকিব খানের সিনেমা এবং আরিফিন শুভ ও মিম অভিনীত ‘মালিক’ প্রদর্শিত হলে ভালো ব্যবসা হয়েছিল। তবে এরপর থেকেই আয় তলানিতে ঠেকেছে। বর্তমানে কর্মীদের বেতন, দৈনন্দিন খরচ ও আকাশচুম্বী বিদ্যুৎ বিলের চাপে আয়ের খাতা শূন্য বললেই চলে।

বর্তমানে হলটিতে কামরুজ্জামান পরিচালিত এবং জয় চৌধুরী ও মৌ খান অভিনীত ‘স্নেহের বন্ধন’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি ছবিটির প্রচারে ছাদখোলা বাসে রাজধানীজুড়ে প্রচারণা চালানো হলেও সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স—কোথাও আশানুরূপ দর্শক টানতে পারেনি সিনেমাটি। উল্কা সিনেমা হলের অবস্থাও এর ব্যতিক্রম নয়।

দেড় বছর আগেও গাজীপুরে প্রায় চারটি সিনেমা হল চালু ছিল। এর মধ্যে কাপাসিয়ার একমাত্র প্রেক্ষাগৃহ ‘মনোরম’ বন্ধ হয়ে সম্প্রতি সেখানে রেস্তোরাঁ গড়ে উঠেছে। এবার ‘উল্কা’ বন্ধ হয়ে যাওয়ার পর জেলায় চালু থাকবে মাত্র দুটি সিনেমা হল—‘বর্ষা’ ও ‘ঝুমুর’। ঐতিহ্যবাহী এসব প্রেক্ষাগৃহের একের পর এক বিদায় গাজীপুরের চলচ্চিত্রপ্রেমীদের হতাশ করার পাশাপাশি বাংলার হারানো সংস্কৃতির সংকটকে আবারও তীব্র করে তুলেছে।

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’