‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন ‘রইদ’ নামে একটি সিনেমা বানিয়েছেন। সেটি প্রেক্ষাগৃহে আসছে কোরবানির ঈদে। সুমন জানান, তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। তার বিশ্বাস ‘রইদ’-এর গল্পটি দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তারা দর্শকের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।
সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ মুক্তি দিয়ে ঈদের প্রচার শুরু করেছেন নির্মাতা ও প্রযোজক। গানটির কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন ‘সহজিয়া’ ব্যান্ডের শিল্পী রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।
গানটি নিয়ে রাজু বলেন, ‘গানটি তৈরির অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। কারণ, গানের নামটি আমাকে আগে দেওয়া হয়েছিল, সে অনুযায়ী গান তৈরি করা হয়েছে। মেজবাউর রহমান সুমন আমাকে কোনো গতানুগতিক গল্প বলেননি; বরং এ সিনেমার পেছনের তার গভীর চিন্তা ও অনুভূতিগুলো শেয়ার করেছিলেন, যা থেকে প্রায় দুই বছর আগে গানটির জন্ম। গানটি নিয়ে আমাদের অসাধারণ লম্বা সফরের গল্প আছে। দীর্ঘ এ পরিশ্রমের চূড়ান্ত ফসল এবার দর্শক-শ্রোতারা শুনতে ও দেখতে পারছেনÑএটাই এখন সবচেয়ে বড় আনন্দ।’
রইদ সিনেমার চিত্রনাট্য সাধু, মানসিকভাবে অসুস্থ তার স্ত্রী এবং তাদের জীবনযাপন ঘিরে। নির্জন এক জায়গায় বসবাস করেন এই দম্পতি। স্ত্রী সুস্থ না হওয়ায় তার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন সাধু। সাধু বেশ কয়েকবার তার স্ত্রীকে ফেলে আসেন এমন জায়গায়, যেখান থেকে তিনি যেন আর ফিরে না আসেন। কিন্তু সাধুর স্ত্রী শেষ পর্যন্ত ঠিক বাড়ি ফিরে আসেন। চিত্রনাট্যে দেখানো হয়েছে, বাড়ির তালগাছ থেকে একটি করে ফল পড়ে এবং সাধুর স্ত্রী ফিরে আসেন। হাজার বছরের পুরোনো আখ্যান অ্যাডাম ও ইভের কাহিনি বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা সুমন। গত বছরের ডিসেম্বরে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারেও উঠে এসেছে এসব দৃশ্য।
সিনেমাটি তৈরির পেছনের ভাবনা ও গল্প নিয়ে সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এ গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়; বরং অনুভূতির বর্তমানে। এ সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এসএম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’
সিনেমায় সাধু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। ‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। প্রযোজনা করছে বঙ্গ। সিনেমাটি চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছিল। সেখানেই সিনেমার প্রথম প্রিমিয়ার হয়।