হোম > বিনোদন > চলচ্চিত্র

টানা চতুর্থ সপ্তাহেও বক্স অফিসের শীর্ষে স্পাইডার-ম্যান

আমার দেশ অনলাইন

গ্রীষ্মের শেষভাগেও উত্তর আমেরিকার বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সনি পিকচার্সের সিনেমাটি টানা চতুর্থ সপ্তাহেও বক্স অফিসের শীর্ষস্থান ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-কে পেছনে ফেলে উত্তর আমেরিকার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথেও এগোচ্ছে এটি।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটি সম্প্রতি উত্তর আমেরিকায় দ্রুততম সময়ে ৮০ কোটি ডলার আয় করার রেকর্ড গড়েছে। সিনেমাটির সাফল্যে চলতি বছরের গ্রীষ্মকালীন বক্স অফিসও নতুন গতি পেয়েছে।

এদিকে শুক্রবার প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। সনি পিকচার্সের স্ক্রিন জেমস, স্টেজ ৬ ফিল্মস ও ব্লামহাউসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহান্তে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার আয় করতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার।

অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া ও লিন শেই অভিনীত সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জ্যাকব চেজ। গল্পে দেখা যাবে, এক তরুণী মা এমন এক বিশেষ ক্ষমতার অধিকারী, যার মাধ্যমে আত্মাদের বাস্তব জগতে ফিরিয়ে আনা সম্ভব। ২০১১ সালে শুরু হওয়া ‘ইনসিডিয়াস’ সিরিজের এটি ষষ্ঠ কিস্তি।

এর আগে ২০২৩ সালের ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’ উত্তর আমেরিকায় ৩ কোটি ৩০ লাখ ডলার আয় দিয়ে যাত্রা শুরু করেছিল। সিনেমাটি শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ১৮ কোটি ৯০ লাখ ডলার আয় করে। নতুন কিস্তিটি রটেন টমেটোজে সমালোচকদের কাছ থেকে ৬৫ শতাংশ অনুমোদন পেয়েছে।

অন্যদিকে প্রায় ২ হাজার ৭০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জেসন স্ট্যাথাম অভিনীত ‘মিউটিনি’। লায়ন্সগেটের এই অ্যাকশন সিনেমায় এক সাবেক মেরিনকে হত্যার মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এরপর নিজের নির্দোষিতা প্রমাণের জন্য তাকে লড়াই করতে দেখা যাবে। প্রায় ৪ কোটি ডলার বাজেটের সিনেমাটি উদ্বোধনী সপ্তাহান্তে এক অঙ্কের মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত ‘মিউটিনি’ রটেন টমেটোজে সমালোচকদের কাছ থেকে ৪৯ শতাংশ অনুমোদন পেয়েছে। স্ট্যাথামের চলতি বছরের ‘শেল্টার’ উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তে ৫৫ লাখ ডলার আয় করেছিল। আর ২০২৫ সালের ‘এ ওয়ার্কিং ম্যান’ উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছিল ১ কোটি ৫৫ লাখ ডলার। আগামী বছর অভিনেতাকে ‘দ্য বিকিপার ২’ সিনেমায় দেখা যাবে।

এ সপ্তাহে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত ‘দ্য ম্যাজিক ফারঅ্যাওয়ে ট্রি’ এবং আইলা ফিশার, লেসলি মান ও আনা ফারিস অভিনীত ‘স্পা উইকএন্ড’।

এদিকে ‘দ্য ওডিসি’ ও ‘টয় স্টোরি ৫’-এর সাফল্যের পাশাপাশি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শক্ত অবস্থানের কারণে ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসে এখন পর্যন্ত আয় প্রায় ৪২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। রেন্ট্রাকের হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ২৩ দশমিক ৭ শতাংশ বেশি। তবে গ্রীষ্মকালীন বক্স অফিসের সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনো ২০১৩ সালের, যখন মোট আয় হয়েছিল প্রায় ৪৭ কোটি ৫০ লাখ ডলার।

এসআর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরি করতে এসে কারাগারে যুবক

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নিয়ে আরব লীগের সতর্কতা

৪৪ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু

দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ জাকারিয়া

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২

বিশ্বজুড়ে শাসন পরিবর্তনের দীর্ঘ প্রচেষ্টায় কতটা সফল যুক্তরাষ্ট্র

তিন জেলায় নতুন ডিসি