হোম > বিনোদন > চলচ্চিত্র

ঈদে মুক্তির আলোচনায় দুই সিনেমা

বিনোদন রিপোর্টার

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনো দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে। বিশেষ করে, ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। তবে এবারের কোরবানির ঈদে সিনেজগতে দেখা দিয়েছে ভিন্নচিত্র। যেখানে প্রতি ঈদে গড়ে অর্ধডজন সিনেমা মুক্তি পায়, সেখানে এবার এখন পর্যন্ত মাত্র দুটি সিনেমার সরব উপস্থিতি দেখা যাচ্ছে।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মনে এখন বড় প্রশ্ন—তবে কি মাত্র দুই সিনেমাতেই চলবে এবারের ঈদ? আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। টিজার ও মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটি ইতোমধ্যেই আলোচনার শীর্ষে রয়েছে।

অন্যদিকে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। নাজিফা তুষি অভিনীত এ সিনেমাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হওয়ার পর এবার ঈদে দেশের দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছে। তবে শঙ্কার জায়গা তৈরি হয়েছে আরো কয়েকটি সিনেমাকে ঘিরে। ঈদুল আজহায় মুক্তির তালিকায় নাম থাকলেও প্রচারণায় একরকম নিখোঁজ আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমার কোনো পোস্টার বা টিজার এখনো প্রকাশ্যে আসেনি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জানতে সাইফ চন্দনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একই অবস্থা দীর্ঘ প্রতীক্ষিত ‘মাসুদ রানা’ সিনেমারও। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া গত মাসে ট্রেলার প্রকাশের কথা জানালেও এখন পর্যন্ত কোনো নতুন আপডেট পাওয়া যায়নি। ফলে ঈদে সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াশা কাটেনি। সিনেমাটি পরিচালনা করছেন সৈকত নাসির।

অনিশ্চয়তা রয়েছে শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমাটি নিয়েও। গত দুই ঈদ ধরে মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যাওয়া এ সিনেমাটি এবারও মুক্তি পাবে কি না—তা নিয়ে চলচ্চিত্রপাড়ায় সংশয় রয়েছে। বিশেষ করে, নায়িকা বুবলী বর্তমানে আড়ালে থাকায় প্রচারণায় বড় ঘাটতি দেখা যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

চলচ্চিত্রবোদ্ধাদের মতে, গত কয়েক বছরে দর্শকদের হলমুখী করার যে ইতিবাচক ধারা তৈরি হয়েছিল, সিনেমার সংখ্যা কমে গেলে তাতে ভাটা পড়তে পারে। যেখানে রোজার ঈদেও পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল, সেখানে কোরবানির ঈদে বড় কোনো প্রচারণা ছাড়াই মাত্র দুটি সিনেমার ওপর নির্ভর করা প্রেক্ষাগৃহ মালিকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত শাকিব খানের ‘রকস্টার’ ও মেজবাউর রহমান সুমনের ‘রইদ’—এ দুই সিনেমাই কোরবানির ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে বলে ধারণা করছেন দর্শকরা।

গায়ক শাকিব খানের দেখা মিলবে ওটিটিতে

যুক্তরাষ্ট্রের উৎসবে পুরস্কৃত বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘রেশমা’

সিনেমায় ই-টিকিটিং ও বক্স অফিস চালুর পরিকল্পনা

শাকিব খানে মুগ্ধ সাবিলা নূর

বাংলাদেশের পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট’

ঈদে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’

লন্ডনের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী দিনে ‘আগন্তুক’

যুক্তরাষ্ট্রে অনুদান ও দুই পুরস্কার পেলেন নির্মাতা শামস

রোজার ঈদের পর দেশে মুক্তি পেল নতুন দুই সিনেমা

সেরিব্রাল পালসি পেশেন্ট নিয়ে গাজী রাকায়েতের সিনেমা ‘মানুষটিকে দেখ’