সাধারণত সিনেমার মহরতে দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যায় না। এবার সেটি দেখা গেল।
গত রবিবার, বেলা ১২টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের এই মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’ সিনেমার মহরত অনুষ্ঠানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি নির্মাণ করছেন লাবিব নাজমুছ ছাকিব।
‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে উক্ত আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম; হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর প্রধানগণ এবং গুম হওয়া পরিবারের সদস্যগণসহ বিভিন্ন পেশাজীবী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই মহরতে। এ বিষয়ে নির্মাতা ও প্রযোজক লাবিব বলেন, ‘গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, ‘আমি মায়ের ডাক-এর অনুষ্ঠানে আসলে আবেগ ধরে রাখতে পারি না। ‘মায়ের ডাক’ নামে চলচ্চিত্র নির্মিত হচ্ছে এটা ভালো দিক। আমরা চাই এ চলচ্চিত্রে গুম-এর সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্র অনুদান করছে এটা ভালো দিক।’