হোম > বিনোদন > চলচ্চিত্র

প্রকাশ পেল ’দম’–এর দমদার ফার্স্ট লুক

বিনোদন রিপোর্টার

পাহাড়ঘেরা মনোরম প্রান্তর সূর্যোদয়ের কোমল আলোয় যখন ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শান্ত সেই পরিবেশ দ্রুতই বদলে যেতে থাকে অদৃশ্য কোনো বিপদের আভাসে। নীরবতা ভেঙে ঘনিয়ে আসতে দেখা যায় অজানা নানা বিপদ। আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত—এই সবকিছুর মধ্যেই প্রকাশ পেল ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ’দম’–এর ফার্স্ট লুক।

৮ মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি। এতে স্পষ্ট হয়েছে অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন দৃশ্যে তৈরি হওয়া মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রশংসায় ভাসাচ্ছেন ফার্স্ট লুকটিকে।

টিজারের পুরোটা সময় জুড়েই ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন, ভীত লুকে দেখা গেছে আফরান নিশোকে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক। আতঙ্কিত এবং অবাক হতে দেখা গেছ চঞ্চল চৌধুরীকে। সব মিলিয়ে ফার্স্ট লুকটি তৈরি করেছে নানা উৎকণ্ঠা। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ!

পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাকে বলতে শোনা যায়, ’আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’। ছোট্ট এই সংলাপটি ফার্স্ট লুককে তো বটেই, ’দম’ সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলছে বলে মনে করছেন দর্শক–ভক্তরা।

’দম’ সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ও গুণী অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ’দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।’

অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম রানি। তার মতে, চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের। অভিনেত্রী বলেন, ’টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে। যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।’

’দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। 'আনটিল দ্য লাস্ট ব্রেথ' ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল

রহস্য আর নস্টালজিয়ায় ভরা ‘বনলতা এক্সপ্রেস’

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

‘দম’ নিয়ে ঈদে নতুন ভাবে আসছে নিশো

পারিবারিক সম্পর্কের গল্পে সাদিয়া আয়মানের ‘‌মিউ’

ঈদে কুমিল্লায় চালু হচ্ছে সিনেপ্লেক্স

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ঈদে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদে ছোট পর্দায় ‘উৎসব’ ও ‘কাজল রেখা’র প্রিমিয়ার

ভয় আর রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আসছে বাংলাদেশে

অমর একুশে স্মরণে টিএসসিতে চলচ্চিত্র প্রদর্শনী