হোম > বিনোদন > চলচ্চিত্র

আজ থেকে প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বিনোদন রিপোর্টার

আশীর্বাদ চলচ্চিত্রের ব্যানারে নতুন এক জোড়া মুখ রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ারকে নিয়ে তৈরি চলচ্চিত্র ‘আবার হঠাৎ বৃষ্টি’ আজ,২ অক্টোবর দেশের বেশ কয়েকটি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মুক্তি উপলক্ষে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার সেন্টার সিনেপ্লেক্সে সিনেমাটির একটি বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার ও সিনেমাটির প্রযোজক হাবিবুর রহমান খান, পরিচালক কামরুজ্জামান এবং নবাগত প্রধান দুই শিল্পী রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার।

সিনেমাটি আজ থেকে যেসব হলে দেখা যাচ্ছে— শ্যামলী সিনে কমপ্লেক্স (ঢাকা), মনিহার (যশোর), লিবার্টি (খুলনা), কে স্কয়ার (কুমিল্লা), স্বপ্নিল (কুষ্টিয়া), মমইন (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধা (চট্টগ্রাম) এবং চাঁদমহল (কাঁচপুর)।

সিনেমাটির গল্প ঘুরেছে দীপা নামের একজন শিক্ষিত বেকার নারীকে কেন্দ্র করে। ব্রাহ্মণবাড়িয়াতে বোন ও দুলাভাইয়ের সাথে থাকা দীপা চাকরির সন্ধানে ঢাকায় বান্ধবী সামিনার বাসায় ওঠে। একাধিক সাক্ষাৎকারের পরেও চাকরি না পেয়ে হতাশ হয়ে সে ব্রাহ্মণবাড়িয়া ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফেরার পথে ট্রেনে তার ব্যাগ চুরি হয়ে যায়।

অন্যদিকে, অঞ্জন নামের এক যুবক চাকরির পোস্টিং নিয়ে ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছিল। ঐ ট্রেনেই সে দীপার ফেলে যাওয়া ব্যাগটি খুঁজে পায়। অনাথ অঞ্জনের এক অদ্ভুত শখ রয়েছে— পরিচিত ও অপরিচিত মানুষের নাম, জন্মদিন ও ঠিকানা সংগ্রহ করে তাদেরকে জন্মদিনের কার্ড পাঠানো। সে ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠালে দীপা আনন্দিত হয়ে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখে। এভাবেই চিঠির মাধ্যমে শুরু হয় তাদের যোগাযোগ, আর না দেখেই একসময় দুজন দুজনের প্রেমে পড়ে যায়। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় সিনেমার গল্প।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাদিফা নারমিন, আরিয়ান সারোয়ার, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, মৌ খান, কায়েস আরজু, অপূর্ব ঘোষ, সানজিদা নাহার স্বর্ণা, নাজমুল সরকার নিহাদ, আশমিতা এলিজাবেথ চিরান, তাসলিমা আক্তার মনি, মাহমুদ, ড. ফজলুল করিম, ফারুক আহমেদ চৌধুরী বাপ্পী ও মো. নুরুজ্জামান।

এস. আহাথিয়ানের মূল কাহিনীতে সিনেমাটির সংলাপ ও কাহিনী বিন্যাস করেছেন ছটকু আহমেদ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও অপু আমান। নচিকেতা ও সুদীপ কুমার দীপের লেখায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, কণা, লিজা, অনুপমা মুক্তি ও অপু আমান। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন শহীদুল্লাহ দুলাল ও মাসুদ পারভেজ সবুজ এবং সম্পাদনায় ছিলেন একরামুল হক।

নব্বইয়ের দশকের রাবির সত্য ঘটনা নিয়ে আসছে ‘চিরকুট’, দুর্গাপূজায় মুক্তি

স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের নতুন চমক

ভেনিস থেকে টোকিও: মুগ্ধতা ছড়াচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

অ্যাভেঞ্জার্স ধামাকার সঙ্গে জেসন স্ট্যাথামের ‘মিউটিনি’

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা