জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnU Global Alumni Network (JnUGAN)’-এর ওয়েবসাইট উদ্বোধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। জকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় প্ল্যাটফর্মটি বাস্তবায়ন করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লাউঞ্জে ওয়েবসাইটটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সংশ্লিষ্টদের অভিনন্দন জানাচ্ছি এবং প্ল্যাটফর্মটির সার্বিক সাফল্য কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটটি উপস্থাপন করেন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেশ ও বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে উঠবে এবং ক্যারিয়ার উন্নয়ন, ইন্টার্নশিপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও জানান, আগ্রহীরা কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্মের ওয়েবসাইট jnugan.jnucsu.com লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।
অনুষ্ঠানে জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে একীভূত করতে এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্মের জন্য এটি অতি প্রয়োজনীয় উদ্যোগ বলে আমরা মনে করি।
জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে জকসুর নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।