জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জুলাই মাসে ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছিলেন, তাদের রক্তের মধ্য দিয়ে যে সনদ তৈরি হয়েছে—আপনাদের কাছে জুলাই জাতীয় সনদের যে কপি পৌঁছায়, সেটা কালো কালি দিয়ে লেখা। কিন্তু বিশ্বাস করুন, এর প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জুলাই সনদ ইউনুস সরকারের এজেন্ডা নয়। এটি নির্ধারণ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে।” একইসঙ্গে তিনি বলেন, “গত তিনটি নির্বাচনকে নির্বাচন বলা অপমানজনক। নিশীথরাতের ও ডামি নির্বাচন সম্ভব হয়েছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর দুর্বলতার কারণে।’
সংবিধান সংস্কার প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদে কোথাও ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার কথা বলা হয়নি, কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়নি। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি বলেন, “৩৯ পৃষ্ঠার সনদে এমন কোনও বিষয় নেই। জুলাই জাতীয় সনদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতির উল্লেখ রয়েছে। এগুলোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মূল আদর্শ। সুতরাং এই সনদকে মুক্তিযুদ্ধবিরোধী বলা মিথ্যাচার ছাড়া কিছু নয়।”
সেকুলারিজম প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি বহুজাতিগোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহুসংস্কৃতির দেশ। এই বাস্তবতা স্বীকার করেই ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিকে রাষ্ট্রের মূল মূল্যবোধ হিসেবে তুলে ধরা হয়েছে। এতে কোনও ধর্মবিরোধিতা নেই।’
তিনি আরো বলেন, ‘রক্ত দিয়ে লেখা এই জুলাই সনদের সঙ্গে, প্রাণের বিনিময়ে মানুষের রাষ্ট্রপরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে আপনি আছেন কি না—এইটাই সিদ্ধান্তের জায়গা।’
সভায় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘জুলাই বিপ্লব ছিল অপরিহার্য। পরপর তিনটি নির্বাচন বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। গণভোটের মাধ্যমে জুলাই সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত হলে ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ হবে।’
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নিজাম উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবদুল লতিফ, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. তাজ উদ্দীন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেনসহ আরও অনেকে।