জীবনের একটা নির্দিষ্ট বয়সে এসে মানুষ কেমন যেন বদলে যেতে শুরু করে। বাইরের পৃথিবীটা হয়তো আগের মতোই থাকে, পরিচিত মানুষগুলোও থাকে, সংসার চলে তার নিজস্ব নিয়মে, কর্মক্ষেত্রের ব্যস্ততাও কমে না; অথচ নিজের ভেতরে কোথায় যেন একটা অদৃশ্য পরিবর্তন ঘটে যায়। মনে হয়, প্রকৃতি থেকে কোমলতা একটু একটু করে বিদায় নিচ্ছে, চারপাশে জমছে রুক্ষতার ধুলো। আর মনের গোপন কুঠুরিতে জন্ম নিচ্ছে কিছু অযাচিত বেদনা, যার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। মনোবিজ্ঞানের ভাষায় জীবনের এই অধ্যায়কে অনেক সময় বলা হয় Midlife Crisis বা মধ্য বয়সের সংকট। সাধারণত চল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে অনেক মানুষ জীবনের হিসাবনিকাশ নতুন করে করতে শুরু করেন। এতদিন যে জীবনকে সাফল্য বলে মনে হয়েছে, হঠাৎ করেই তার মধ্যে কিছু অপূর্ণতার হিসাব চোখে পড়ে। মনে হয়, অনেক কিছু অর্জন করেছি, অথচ কোথায় যেন নিজেকেই হারিয়ে ফেলেছি। একসময় যে আয়নাটির সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে আত্মবিশ্বাসে বুক ভরে উঠত, এখন সেই আয়নাই যেন কিছু অপ্রিয় সত্য মনে করিয়ে দেয়। কপালের ভাঁজ, চোখের কোণের বলিরেখা, মাথার চুলে রুপালি আভা—সবকিছু মিলে বয়সের এক নীরব বিজ্ঞপ্তি প্রকাশ করে। শরীর তখন আর সব আবদার মেনে চলে না। রাত জেগে কাজ করলে পরদিন ক্লান্তি পিছু ছাড়ে না। একটু বেশি হাঁটলে হাঁটুতে আপত্তি, একটু বেশি খেলে পেটে প্রতিবাদ। অথচ মনের ভেতর সেই তরুণ বয়সের দুরন্ত মানুষটি তখনো দিব্যি বেঁচে থাকে। সে এখনো নতুন কিছু করতে চায়, অজানাকে জানতে চায়, ভালোবাসতে চায়, স্বপ্ন দেখতে চায়। কিন্তু বাস্তবতার দেয়াল তাকে বারবার মনে করিয়ে দেয়—সব ইচ্ছারও একটা বয়স আছে!
কেন এমন হয় : কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা অনেক সময় বস্তুগত বিষয় থেকে আবেগীয় নিরাপত্তার দিকে সরে যায়। আগে যে মানুষটি দামি উপহার পেলে খুশি হতেন, এখন হয়তো তার কাছে সবচেয়ে দামি উপহার হলো কেউ একটু সময় নিয়ে তার কথা শুনুক। এক কাপ চা হাতে নিয়ে পাশে বসুক। বলুক, ‘তোমার দিনটা কেমন কাটল?’ এটুকুই যথেষ্ট।
উত্তরণের উপায় : প্রথমত, নিজেকে বয়সের সঙ্গে প্রতিযোগিতায় না নামানো। পঁচিশ বছরের উদ্যম আর পঞ্চাশ বছরের প্রজ্ঞা এক জিনিস নয়। দুটির সৌন্দর্য আলাদা। দ্বিতীয়ত, নিজের জন্য কিছুটা সময় রাখা। নিজের পছন্দের বই পড়া, গান শোনা, ভ্রমণ করা, বাগান করা, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করা। তৃতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশা কিছুটা কমিয়ে আন্তরিকতা বাড়ানো। চতুর্থত, শরীরের যত্ন নেওয়া। নিয়মিত হাঁটা, পরিমিত খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো। শরীর ভালো থাকলে মনের আকাশেও রোদ ওঠার সম্ভাবনা বাড়ে।
পঞ্চমত, জীবনের অপূর্ণতাগুলোকে ব্যর্থতা হিসেবে না দেখা। সব স্বপ্ন পূরণ হওয়ার জন্য নয়। কিছু স্বপ্ন আমাদের পথ দেখায়, কিছু স্বপ্ন আমাদের মানুষ করে, আর কিছু স্বপ্ন অপূর্ণ থেকেই জীবনের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
শেষ কথা : জীবনকে যদি একটি ক্রিকেট ম্যাচের সঙ্গে তুলনা করি, তাহলে মধ্য বয়স হলো প্রথম ইনিংস শেষে বিরতির সময়। প্রথম ইনিংসে আমরা অনেক দৌড়েছি। কখনো সেঞ্চুরি করেছি, কখনো শূন্য রানে আউট হয়েছি। কখনো দর্শকদের হাততালি পেয়েছি, কখনো সমালোচনার শিকার হয়েছি। অনেক সময় নিজের উইকেট বাঁচাতে গিয়ে সুন্দর শট খেলার আনন্দটুকুও ভুলে গেছি। দ্বিতীয় ইনিংসে এখানে আর কাউকে প্রমাণ করার প্রয়োজন নেই যে আপনি কত বড় খেলোয়াড়। বরং নিজের মতো করে খেলাটাকে উপভোগ করার সময় এসেছে। এবার একটু ধীরে হাঁটুন। বিকালের আকাশ দেখুন। বৃষ্টির শব্দ শুনুন। প্রিয় মানুষটির সঙ্গে গল্প করুন। পুরোনো বন্ধুদের ফোন করুন। সন্তানদের বড় হতে দিন, তাদের নিজস্ব আকাশ তৈরি করতে দিন। নিজের জন্যও একটি ছোট্ট আকাশ রাখুন। মনে রাখবেন, জীবনের সৌন্দর্য শুধু বসন্তে নয়; শরৎ, হেমন্ত, এমনকি শীতেও প্রকৃতি তার নিজস্ব রূপে অপরূপ। গাছের পাতা ঝরে যায় বলে গাছের জীবন শেষ হয়ে যায় না। বরং সেই ঝরে পড়া পাতার মধ্য দিয়েই নতুন কুঁড়ির জন্মের প্রস্তুতি চলে। মানুষের জীবনও তেমন। মুখে বলিরেখা আসবে, চুলে পাক ধরবে, শরীরের গতি কমবে—এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু মনের জানালায় আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব আমাদের নিজেদের। মধ্য বয়স মানে যৌবনের মৃত্যু নয়; বরং অপরিণত আকাঙ্ক্ষা থেকে পরিণত উপলব্ধির দিকে যাত্রা। যে মানুষটি চল্লিশ-পঞ্চাশ বছর বয়সেও নতুন করে স্বপ্ন দেখতে পারেন, অন্যের সাফল্যে আনন্দিত হতে পারেন, ছোট্ট একটি ফুল দেখে মুগ্ধ হতে পারেন, প্রিয়জনের হাত ধরে হাঁটতে পারেন, নিজের ভুল স্বীকার করে হাসতে পারেন—তার জীবনে বার্ধক্য এলেও মন কখনো বৃদ্ধ হয় না। তাই প্রকৃতির রুক্ষতার ছোঁয়া থাকুক, মনের অযাচিত বেদনা মাঝেমধ্যে উঁকি দিক—তবু জীবনকে ভালোবাসতে শিখি। কারণ, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনো লেখা হয়নি। বয়স আমাদের জন্মদিনের সংখ্যা বাড়ায়, কিন্তু জীবনের আনন্দ উপভোগ করার অধিকার একটুও কমায় না।
লেখক : ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল