বিশ্বব্যাপী ডায়াবেটিস একটি মহামারী রোগ। বাংলাদেশেও ডায়াবেটিসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। দেশের প্রতি ১০ জনে ১ জন ডায়াবেটিসে আক্রান্ত। ৬২.১ শতাংশ মানুষ জানে না যে, তাদের ডায়াবেটিস আছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা এবং অসচেতনতা এ রোগের ঝুঁকি বাড়ছে। তাই এমন মানুষের জন্য ‘ডায়াবেটিস মেলা’ নামের একটি অ্যাপ শুরু হতে যাচ্ছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে ডায়াবেটিস মেলা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তারা এমন তথ্য জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলে রাব্বী খান বলেন, এই অ্যাপের মাধ্যমে যে কেউ তার ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্ভাবনা, কিংবা আক্রান্ত কিনা তা জানতে পারবেন। আক্রান্ত হবার সম্ভাবনা থাকলে তারা এ অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহায়তা ও হেলদি লাইফস্টাইল সম্পর্কে সম্যক ধারণা পাবেন। যেন রোগী বা হবু ডায়াবেটিস রোগী নিজেরাই নিজের ব্যবস্থাপনা ঠিকঠাক করতে পারেন। আক্রান্ত ডায়াবেটিস রোগীরা তাদের চিকিৎসা সংক্রান্ত সম্ভাব্য সকল সহায়তা পাবেন। এই পুরো উদ্যোগে সার্বিক সহায়তা করছেন বেক্সিমকো ফার্মা ও কংগ্রেসিয়া।
সম্মেলনে উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম বলেন, ডায়াবেটিস একবার হলে সাধারণত পুরোপুরি নিরাময় করা যায় না। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং জটিলতা শনাক্তে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা—এই বিষয়গুলোতে রোগীকে গুরুত্ব দিতে হবে। তবে বাস্তবতা হলো ৯২ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই। আর এতে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং রক্তনালির জটিলতা দেখা দিচ্ছে বা দিতে পারে। চোখ ও স্নায়ুরও ক্ষতি হয় বা হতে পারে। সর্বোপরি রোগীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। চিকিৎসার ব্যয় বাড়ে। পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হয়। তাই ডায়াবেটিস হওয়ার আগেই সচেতনতা, দ্রুত রোগ শনাক্ত এবং আক্রান্ত ব্যক্তির নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
তিনি আরো জানান, মানুষকে সচেতনতার লক্ষ্যে আমরা ২০১৯ সাল থেকে ডায়াবেটিস সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে আসছি। আমরা ছোট, বড়, নানা পরিসরে ‘ডায়াবেটিস মেলা’র আয়োজন করছি। ডায়াবেটিস মেলায় পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের নানা তথ্য। এই রোগকে অযথা ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়ে এই প্লাটফর্মে মানুষ আসে, ডায়াবেটিস সংশ্লিষ্ট প্রথিতযশা চিকিৎসকদের মুখ থেকে কথা শুনতে, নিজেদের সমৃদ্ধ করতে। আমাদের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার’।
সম্মেলনে ডা. শাহাজাদা সেলিম ডায়াবেটিস মেলা অ্যাপ এর লোগো উন্মোচন করে বলেন, যাদের জন্য এই অ্যাপ তাদের মতামতের ওপর ভিত্তি করেই এই অ্যাপ পরিপূর্ণ হবে। সর্বসাধারণ যে কেউ নির্দিষ্ট মতামত ফর্ম পুরন করে, ফেসবুক পেজ এর মাধ্যমে কিংবা প্রতিষ্ঠানের সরাসরি হোয়াটস্অ্যাপ নাম্বারে আগামী ৩১ শে জানুয়ারি ২০২৭ এর মধ্যে পরামর্শ দিতে পারবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মা’র ডেপুটি জেনারেল ম্যানেজার আহসানুল কবির ও বারডেমের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল পারভেজ।