হোম > ফিচার > স্বাস্থ্য

পিসিওএস শুধু মাসিকের সমস্যাই নয়

ডা. নুসরাত শোয়েব

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) মানেই শুধু মাসিকের অনিয়ম বা সন্তান ধারণে সমস্যা নয়। এটি নারীর হরমোন, বিপাকীয় কার্যক্রম এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। ব্রণ, অতিরিক্ত লোম, চুল পড়া, ওজন বৃদ্ধি কিংবা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার পেছনেও থাকতে পারে পিসিওএস। অনেক নারীই এসব উপসর্গের প্রকৃত কারণ না জেনে দীর্ঘদিন ভোগেন। অথচ সময়মতো রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পিসিওএসের লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে লিখেছেন ডা. নুসরাত শোয়েব

বিশ্বজুড়ে প্রজননক্ষম বয়সের প্রায় ১০-১৩ শতাংশ নারী পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (PCOS) আক্রান্ত। অর্থাৎ প্রতি আটজন নারীর মধ্যে প্রায় একজনের এই সমস্যা থাকতে পারে। অথচ অনেক নারীই জানেন না যে তাদের দৈনন্দিন শারীরিক ও মানসিক সমস্যাগুলোর পেছনে PCOS ভূমিকা রাখতে পারে। একজন ২২ বছর বয়সি তরুণীর কথা ভাবুন। বাইরে থেকে তাকে সম্পূর্ণ সুস্থ মনে হয়। কিন্তু তার মাসিক কখনো ৪০ দিন পর, কখনো ৫০ দিন পর, আবার কখনো টানা তিন মাস বন্ধ থাকে। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। ভেবেছেন, বয়সের সঙ্গে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে দেখা দিল আরো কিছু সমস্যা-

• মুখে বারবার ব্রণ ওঠা।

• থুতনি ও ঠোঁটের উপর অস্বাভাবিক লোম গজানো।

• মাথার চুল পাতলা হয়ে যাওয়া।

• পেটের চারপাশে ওজন বেড়ে যাওয়া।

• মাসিক অনিয়মিত থাকা।

ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে গেল। সামাজিক অনুষ্ঠানে যেতে অস্বস্তি, ছবি তুলতে অনীহা, এমনকি নিজের চেহারা নিয়েও তৈরি হলো এক ধরনের হীনম্মন্যতা। চিকিৎসকের কাছে গেলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হলো। কখনো বলা হলো ডিম্বাশয়ে সিস্ট আছে, কখনো শুধু ওজন কমানোর পরামর্শ দেওয়া হলো। কিন্তু তিনি বুঝতে পারলেন না, আসলে তার সমস্যাটা কী। অবশেষে একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে জানা গেল, তার PCOS রয়েছে। প্রথমবারের মতো তিনি বুঝতে পারলেন, এটি তার কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটি একটি হরমোন ও বিপাকীয় সমস্যা, যার যথাযথ মূল্যায়ন এবং চিকিৎসা সম্ভব।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) কী

এটি নারীদের একটি জটিল হরমোনজনিত ও মেটাবলিক সমস্যা। এর প্রভাবে ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রম, ডিম্বপাত, মাসিক চক্র এবং শরীরের ইনসুলিন ব্যবহারের প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। অনেকের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। অর্থাৎ শরীরের কোষ ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। ফলে রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে। এর প্রভাবে ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের উৎপাদন বেড়ে যেতে পারে। ফলাফল হিসেবে দেখা দিতে পারে—

• মাসিক অনিয়মিত হওয়া।

• ডিম্বপাত না হওয়া বা অনিয়মিত হওয়া।

• মুখে ও শরীরের নির্দিষ্ট স্থানে অতিরিক্ত লোম।

• ব্রণ।

• মাথার চুল পাতলা হয়ে যাওয়া।

• ওজন বৃদ্ধি বা ওজন নিয়ন্ত্রণে অসুবিধা।

• গর্ভধারণে বিলম্ব।

মনে রাখতে হবে, সব নারীর ক্ষেত্রে সব লক্ষণ দেখা যায় না। এমনকি স্বাভাবিক ওজনের নারীদেরও PCOS হতে পারে।

কীভাবে নির্ণয় করা হয়

প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে সাধারণত নিচের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে অন্তত দুটি থাকলে PCOS নির্ণয় বিবেচনা করা হয়—

১. অনিয়মিত মাসিক অথবা ডিম্বপাতের সমস্যা।

২. অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকার লক্ষণ, যেমন অতিরিক্ত লোম, ব্রণ, চুল পাতলা হওয়া; অথবা রক্ত পরীক্ষায় অ্যান্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি।

৩. আলট্রাসনোগ্রামে ডিম্বাশয়ে পলিসিস্টিক গঠন অথবা উপযুক্ত ক্ষেত্রে AMH পরীক্ষায় নির্দিষ্ট বৈশিষ্ট্য। তবে PCOS নির্ণয়ের আগে থাইরয়েডের সমস্যা, প্রোল্যাক্টিন বৃদ্ধি এবং অন্যান্য সম্ভাব্য কারণ বাদ দিতে হয়।

বিশেষভাবে মনে রাখবেন, শুধু আলট্রাসনোগ্রামে ডিম্বাশয়ে ছোট ছোট ফলিকল দেখা গেলেই PCOS বলা যায় না।

কিশোরীদের ক্ষেত্রে রোগ নির্ণয়ের নিয়ম আরো সতর্কতাপূর্ণ। মাসিক শুরু হওয়ার পর প্রথম কয়েক বছর অনিয়মিত মাসিক স্বাভাবিক হতে পারে। তাই এ সময় আলট্রাসনোগ্রাম বা AMH দিয়ে PCOS নির্ণয় করা উচিত নয়।

এর চিকিৎসা কী

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, PCOS-এর কোনো একক চিকিৎসা নেই। চিকিৎসা নির্ভর করে রোগীর উপসর্গ, বয়স, শারীরিক অবস্থা এবং ভবিষ্যৎ সন্তান নেওয়ার পরিকল্পনার ওপর।

জীবনযাত্রার পরিবর্তন

এটি চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

• প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক ব্যায়াম।

• সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রম।

• সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ।

• অতিরিক্ত চিনি, কোমলপানীয় ও প্রসেসড খাবার কমানো।

• পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা।

• অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো।

ওজন স্বাভাবিক থাকলেও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাসিক নিয়মিত করার চিকিৎসা

রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক Combined Oral Contraceptive Pill অথবা নির্দিষ্ট সময় অন্তর Progestin ব্যবহারের পরামর্শ দিতে পারেন।

বিশেষ করে দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে জরায়ুর ভেতরের আবরণ সুরক্ষিত রাখা জরুরি।

ব্রণ ও অতিরিক্ত লোমের চিকিৎসা

প্রয়োজনে হরমোনাল চিকিৎসা এবং Anti-androgen ওষুধ দেওয়া হতে পারে। তবে এসব ওষুধ গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করা উচিত নয়।

ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসা

নির্বাচিত রোগীর ক্ষেত্রে Metformin ব্যবহার করা হয়। এটি বিশেষত বিপাকীয় সমস্যার ক্ষেত্রে উপকারী হতে পারে।

সন্তান নিতে চাইলে

PCOS থাকলেই যে একজন নারী মা হতে পারবেন না, এমন ধারণা সম্পূর্ণ ভুল।

অনেক নারী স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেন। যাদের ডিম্বপাতের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে Ovulation induction করা যায়।

বর্তমান আন্তর্জাতিক নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত রোগীর ক্ষেত্রে Letrozole প্রথম সারির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। প্রয়োজনে পরবর্তী ধাপে অন্যান্য চিকিৎসা পদ্ধতিও রয়েছে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

• মাসিক বারবার ৩৫ দিনের বেশি ব্যবধানে হলে।

• টানা তিন মাস মাসিক বন্ধ থাকলে।

• মুখে বা শরীরে অস্বাভাবিক লোম বৃদ্ধি পেলে।

• অতিরিক্ত ব্রণ বা চুল পড়ার সমস্যা হলে।

• গর্ভধারণে সমস্যা হলে।

দেরি না করে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন।

কী কী পরীক্ষা প্রয়োজন

রোগীর লক্ষণ ও চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী পরীক্ষা নির্ধারণ করা হয়। প্রয়োজন হতে পারে—

  1. Pregnancy test
  2. TSH
  3. Serum prolactin
  4. Total বা free testosterone
  5. Blood glucose বা HbA1c; প্রয়োজনে OGTT.
  6. Lipid profile
  7. Blood pressure ও BMI মূল্যায়ন
  8. প্রয়োজন অনুযায়ী Pelvic ultrasonography
  9. সব রোগীর জন্য সব পরীক্ষা বাধ্যতামূলক নয়। ব্যক্তিভেদে পরীক্ষার প্রয়োজনীয়তা ভিন্ন হয়।

লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি

রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ঢাকা

দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দেয়

উত্তরণের উপায়: মধ্য বয়সের সংকট

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫৩৭

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৭২

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০