কর্মক্ষেত্র শুধু জীবিকা অর্জনের জায়গা নয়; মানুষের জীবনের একটি বড় অংশ কাটে এখানেই। প্রতিদিনের কাজ, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণ, কাজের চাপ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, নিরাপত্তা এবং স্বীকৃতি—সবকিছু মিলিয়ে গড়ে ওঠে একটি কর্মপরিবেশ। এই পরিবেশ যদি নিরাপদ, সম্মানজনক, অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতাপূর্ণ হয়, তাহলে কর্মীরা শুধু ভালোভাবে কাজই করেন না, বরং প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা ও আস্থাও বাড়ে।
অন্যদিকে, কর্মক্ষেত্রে অপমান, বৈষম্য, অতিরিক্ত কাজের চাপ, অনিশ্চয়তা, হয়রানি কিংবা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। এর প্রভাব ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, কর্মী ধরে রাখার সক্ষমতা, সেবার মান এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও পড়ে। তাই সুস্থ কর্মপরিবেশকে এখন আর কেবল মানবসম্পদ বিভাগের একটি আনুষ্ঠানিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, দক্ষতা ও সাফল্যের অন্যতম ভিত্তি।
কর্মপরিবেশের সংকট এখন বৈশ্বিক
সুস্থ কর্মপরিবেশের গুরুত্ব অপরিসীম। কর্মীদের মানসিক স্বাস্থ্য, কাজের প্রতি আগ্রহ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক শীর্ষক তথ্যে বলা হয়েছে, ২০২৩ সালে কর্মক্ষম বয়সী মানুষের মধ্যে প্রতি ছয়জনে প্রায় একজন কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। বিষণ্নতা ও উদ্বেগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতিবছর প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের উৎপাদনশীলতা হারাতে হয়। এ ছাড়া এসব সমস্যার কারণে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ২০০ কোটি কর্মদিবস নষ্ট হয়।
ডব্লিউএইচওর বিশ্লেষণে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে অতিরিক্ত কাজের চাপ, কর্মীর তুলনায় কম জনবল, দীর্ঘ কর্মঘণ্টা, সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতার অভাব, চাকরির অনিশ্চয়তা, বৈষম্য, হয়রানি, সহকর্মীদের অসহযোগিতা এবং কর্তৃত্ববাদী ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, কর্মীর মানসিক স্বাস্থ্যের অবনতি সব সময় ব্যক্তিগত সমস্যার কারণে হয় না; অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতি, সংস্কৃতি ও ব্যবস্থাপনাও এর জন্য দায়ী।
বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের স্টেট অব দ্য গ্লোবাল ওয়ার্কপ্লেস ২০২৬ প্রতিবেদনেও কর্মক্ষেত্রের একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে মাত্র ২০ শতাংশ কর্মী তাদের কাজে সম্পৃক্ত বা সক্রিয়ভাবে আগ্রহী ছিলেন। অর্থাৎ, প্রতি পাঁচজন কর্মীর মধ্যে মাত্র একজন কর্মক্ষেত্রের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ততা অনুভব করেছেন। একই সময়ে কর্মীদের সামগ্রিক সুস্থতার সূচক ছিল ৩৪ শতাংশ। আগের তিন বছরের মধ্যে এই প্রথম সূচকটিতে কিছুটা উন্নতি দেখা গেলেও কর্মীদের মধ্যে মানসিক চাপ, রাগ ও দুঃখের প্রবণতা মহামারির আগের সময়ের তুলনায় বেশি ছিল।
এই পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে—কর্মীরা কি শুধু নির্ধারিত দায়িত্ব পালন করছেন, নাকি তারা সত্যিকার অর্থে নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করছেন? কারণ কাজে উপস্থিত থাকা আর কাজের প্রতি মানসিকভাবে সম্পৃক্ত থাকা এক বিষয় নয়। একজন কর্মী নিয়মিত অফিসে আসতে পারেন, নির্ধারিত কাজও শেষ করতে পারেন; কিন্তু প্রতিষ্ঠানের প্রতি আস্থা, আগ্রহ ও আত্মিক সংযোগ না থাকলে তার কাজের মান এবং সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (এপিএ) ২০২৪ সালের ওয়ার্ক ইন আমেরিকা জরিপে কর্মক্ষেত্রে মনস্তাত্ত্বিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। জরিপে দেখা যায়, কর্মদিবসে সাধারণত মানসিক চাপ বা উদ্বেগ অনুভব করেন ৪৩ শতাংশ কর্মী। যেসব কর্মী তাদের কর্মক্ষেত্রে মনস্তাত্ত্বিক নিরাপত্তার অভাব অনুভব করেন, তাদের ক্ষেত্রে এই হার বেড়ে ৬১ শতাংশে পৌঁছায়। জরিপে অংশগ্রহণকারীদের ১৫ শতাংশ তাদের কর্মপরিবেশকে কিছুটা বা অত্যন্ত বিষাক্ত বলেও বর্ণনা করেছেন।
মনস্তাত্ত্বিক নিরাপত্তা বলতে এমন একটি কর্মপরিবেশকে বোঝায়, যেখানে কর্মীরা ভুল স্বীকার করতে, নতুন ধারণা দিতে, প্রশ্ন করতে কিংবা কোনো সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করতে ভয় পান না। সেখানে ভিন্নমত প্রকাশ করলেই অপমানিত হওয়া, পদোন্নতি হারানো কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার বিরাগভাজন হওয়ার আশঙ্কা থাকে না।
এপিএর একই গবেষণায় কর্মক্ষেত্রে মনস্তাত্ত্বিক নিরাপত্তা বেশি অনুভব করা কর্মীদের মধ্যে ইতিবাচক অভিজ্ঞতার প্রবণতা পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৪ শতাংশ মনে করেন, তাদের ব্যবস্থাপক কর্মীদের মানসিক ও আবেগগত সুস্থতার প্রতি কার্যকরভাবে যত্নশীল। বিপরীতে, মনস্তাত্ত্বিক নিরাপত্তা কম অনুভব করা কর্মীদের ক্ষেত্রে এ হার ৭১ শতাংশ। উচ্চ মনস্তাত্ত্বিক নিরাপত্তার কর্মীদের মধ্যে ৯৬ শতাংশ সহকর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক থাকার কথা জানিয়েছেন; কম নিরাপত্তা অনুভব করা কর্মীদের ক্ষেত্রে এ হার ৭৪ শতাংশ।
এ থেকে বোঝা যায়, একটি প্রতিষ্ঠানের পরিবেশ শুধু অফিসের অবকাঠামো বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে না। সেখানে মানুষ কীভাবে কথা বলে, কীভাবে মতামত গ্রহণ করা হয় এবং ভুল হলে কী ধরনের আচরণ করা হয়—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।
দীর্ঘ কর্মঘণ্টা: উৎপাদনশীলতার নামে স্বাস্থ্যের ঝুঁকি
অনেক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় অফিসে থাকা কিংবা নির্ধারিত সময়ের পরও কাজ করাকে কর্মীর নিষ্ঠা ও দক্ষতার মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু গবেষণা বলছে, অতিরিক্ত কর্মঘণ্টা সব সময় বেশি উৎপাদনশীলতার নিশ্চয়তা দেয় না। বরং দীর্ঘ সময় কাজ করার অভ্যাস কর্মীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২১ সালের যৌথ গবেষণায় দেখা যায়, সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করা ব্যক্তিদের মধ্যে ৩৫ থেকে ৪০ ঘণ্টা কাজ করা ব্যক্তিদের তুলনায় হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বেশি। গবেষণার হিসাব অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বজুড়ে দীর্ঘ কর্মঘণ্টার কারণে স্ট্রোক ও হৃদ্রোগে আনুমানিক ৭ লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। একই গবেষণায় সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজের সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি ১৭ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি ৩৫ শতাংশ বেশি হওয়ার সম্পর্ক পাওয়া যায়। যেটি দীর্ঘ কর্মঘণ্টা ও স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রমাণ।
কর্মঘণ্টা দীর্ঘ হওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিরতি না পাওয়া, ছুটির দিনে কাজের চাপ, রাত পর্যন্ত অফিসে অবস্থান এবং অফিসের বাইরেও সার্বক্ষণিক যোগাযোগের বাধ্যবাধকতা কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নষ্ট করে। এতে পরিবারের জন্য সময় কমে যায়, বিশ্রাম বাধাগ্রস্ত হয় এবং কর্মীর মধ্যে দীর্ঘমেয়াদি ক্লান্তি তৈরি হতে পারে।
সুতরাং কর্মীর কাছ থেকে বেশি সময় আদায় করাই প্রতিষ্ঠানের সাফল্যের কৌশল হতে পারে না। বরং নির্ধারিত সময়ে সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত জনবল, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং কাজের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো জরুরি।
কর্মক্ষেত্রে অসম্মান ও হয়রানি: নীরব ক্ষতির বড় কারণ
একটি প্রতিষ্ঠানে বেতন ও সুযোগ-সুবিধা ভালো হলেও যদি কর্মীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়, তাহলে সেই কর্মপরিবেশ দীর্ঘস্থায়ীভাবে সুস্থ থাকতে পারে না। প্রকাশ্যে অপমান, সহকর্মীর কাজের কৃতিত্ব কেড়ে নেওয়া, অযৌক্তিক সমালোচনা, ব্যক্তিগত আক্রমণ, ভয় দেখানো, পক্ষপাতিত্ব এবং যৌন হয়রানি কর্মীদের আত্মবিশ্বাস ও কাজের আগ্রহ কমিয়ে দেয়।
আইএলওর ২০২৪ সালের প্রিভেন্টিং অ্যান্ড অ্যাড্রেসিং ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক থ্রু অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মেজারস প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে কর্মরত মানুষের পাঁচজনের মধ্যে একজনের বেশি কর্মজীবনে কোনো না কোনো ধরনের সহিংসতা ও হয়রানির অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রতিবেদনে কর্মক্ষেত্রে শারীরিক, মানসিক ও যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত নীতিমালা এবং কার্যকর নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৬ সালে প্রকাশিত অ্যানুয়াল রিভিউ অব অর্গানাইজেশনাল সাইকোলজি অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাময়িকীতে প্রকাশিত ওয়ার্কপ্লেস ইনসিভিলিটি শীর্ষক গবেষণা পর্যালোচনাতেও কর্মক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের ব্যাপকতা তুলে ধরা হয়েছে। গবেষকদের মেটা-অ্যানালাইসিসভিত্তিক হিসাবে প্রায় ৭৫ শতাংশ কর্মী কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছেন। এ ধরনের আচরণ কর্মীদের সুস্থতা ও প্রতিষ্ঠানের কার্যকারিতা—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে।
অনেক সময় প্রতিষ্ঠানগুলো কেবল বড় ধরনের অনিয়ম বা প্রকাশ্য হয়রানিকে সমস্যা হিসেবে বিবেচনা করে। অথচ প্রতিদিনের ছোট ছোট অসম্মান, তুচ্ছতাচ্ছিল্য, কথা বলার সুযোগ না দেওয়া কিংবা কর্মীর অবদানকে অস্বীকার করার মতো আচরণও ধীরে ধীরে বিষাক্ত কর্মসংস্কৃতি তৈরি করে। এ ধরনের পরিবেশে কর্মীরা নতুন উদ্যোগ নিতে চান না, সমস্যার কথা গোপন করেন এবং সুযোগ পেলেই অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার কথা ভাবেন।
বাংলাদেশের কর্মপরিবেশ: অগ্রগতি ও চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রেক্ষাপটে সুস্থ কর্মপরিবেশের আলোচনা আরও গুরুত্বপূর্ণ। কারণ দেশের অর্থনীতি শিল্প, তৈরি পোশাক, নির্মাণ, সেবা, ব্যাংকিং, গণমাধ্যম, প্রযুক্তি ও ক্ষুদ্র ব্যবসাসহ নানা খাতের কর্মীদের শ্রমের ওপর নির্ভরশীল। কিন্তু এসব খাতে কর্মপরিবেশের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও শ্রমিকের অধিকার এক রকম নয়।
বিশেষ করে দীর্ঘ কর্মঘণ্টা, অপর্যাপ্ত বেতন, চাকরির অনিশ্চয়তা, কর্মক্ষেত্রে বৈষম্য, হয়রানি, দুর্বল অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং কর্মীর মতামত উপেক্ষা করার প্রবণতা অনেক প্রতিষ্ঠানে সুস্থ কর্মপরিবেশ প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়ায়।
আইএলওর দ্য ইমপ্যাক্ট অব বেটার ওয়ার্ক বাংলাদেশ: আ ডেকেডস লেগাসি শীর্ষক ২০২৪ সালের প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত কর্মপরিবেশ, শ্রম অধিকার, পেশাগত নিরাপত্তা এবং ব্যবসায়িক প্রতিযোগিতার উন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এতে দেখানো হয়েছে, কর্মপরিবেশের উন্নয়ন শুধু শ্রমিকের কল্যাণেই ভূমিকা রাখে না; উৎপাদন ও ব্যবসার প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতেও সহায়তা করে।
বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে প্রাতিষ্ঠানিক উদ্যোগও রয়েছে। আইএলওর তথ্যমতে, দেশে ২০১৯ সালের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রোফাইল তৈরি করা হয়েছে। পাশাপাশি ২০২১-২০৩০ মেয়াদের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন।
তবে দেশের বাস্তবতায় এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। আইএলওর বিভিন্ন প্রতিবেদনে অনানুষ্ঠানিক খাতের কর্মীদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও শ্রম অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। বিশেষ করে নির্মাণ, পরিবহন, ক্ষুদ্র শিল্প ও বিভিন্ন অনানুষ্ঠানিক পেশায় নিয়োজিত কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের নির্মাণশ্রমিকদের ওপর পরিচালিত একটি গবেষণায় এ সমস্যার চিত্র পাওয়া যায়। অকুপেশনাল হেলথ রিস্কস, সেফটি এসেনশিয়ালস, অ্যান্ড সেফটি বিলিফস অ্যামাং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইন বাংলাদেশ শীর্ষক গবেষণাটি দেশের নয়টি নির্মাণস্থলে ৪০ জন শ্রমিকের সাক্ষাৎকার এবং ঠিকাদার ও ভবনমালিকদের ১০টি সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি। এতে দেখা যায়, নির্মাণ খাতে আনুষ্ঠানিক নিরাপত্তা প্রশিক্ষণের অভাব, অপর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী, দুর্বল তদারকি, বিশৃঙ্খল কর্মস্থল এবং যোগাযোগের ঘাটতি শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে।
এখানে মনে রাখতে হবে, গবেষণাটি সীমিতসংখ্যক শ্রমিক ও নির্মাণস্থলের ওপর পরিচালিত। তাই এর ফলাফলকে বাংলাদেশের সব নির্মাণশ্রমিকের অভিজ্ঞতার প্রতিনিধিত্বকারী জাতীয় জরিপ হিসেবে দেখা যাবে না। তবে মাঠপর্যায়ের সমস্যাগুলো বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ গবেষণা।
বাংলাদেশের জন্য একটি ইতিবাচক অগ্রগতিও রয়েছে। ২০২৫ সালের ২০ নভেম্বর আইএলওর কাছে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা-সংক্রান্ত দুটি মৌলিক কনভেনশন—কনভেনশন ১৫৫ ও ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধবিষয়ক কনভেনশন ১৯০ অনুসমর্থনের দলিল জমা দেয় বাংলাদেশ। আইএলওর তথ্যমতে, এর মাধ্যমে বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে সংস্থাটির সব মৌলিক উপকরণ অনুসমর্থনকারী দেশ এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯০ নম্বর কনভেনশন অনুসমর্থনকারী দেশের স্বীকৃতি পায়।
এটি অবশ্যই গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থন করাই শেষ কথা নয়। এর বাস্তব প্রয়োগ, নিয়মিত তদারকি, অভিযোগের প্রতিকার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণই নির্ধারণ করবে কর্মীরা কতটা সুফল পাচ্ছেন।
সুস্থ কর্মপরিবেশ তৈরির প্রধান উপাদান
সুস্থ কর্মপরিবেশ বলতে শুধু শীতাতপনিয়ন্ত্রিত অফিস, সুন্দর আসবাব কিংবা পরিচ্ছন্ন কর্মস্থল বোঝায় না। এর মধ্যে কর্মীর শারীরিক নিরাপত্তা, মানসিক স্বস্তি, পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য—সবকিছু অন্তর্ভুক্ত। একটি প্রতিষ্ঠানে এসব বিষয় নিশ্চিত করতে কয়েকটি মৌলিক উপাদানের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
১. পারস্পরিক সম্মান ও মর্যাদা: পদমর্যাদা যা-ই হোক, প্রত্যেক কর্মীর সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব কর্মীদের ভয় দেখিয়ে কাজ আদায় করা নয়; বরং তাঁদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে সহায়তা করা।
২. মানসিক নিরাপত্তা: কর্মীরা যেন নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, ভুল স্বীকার করতে পারেন এবং প্রয়োজন হলে ব্যবস্থাপনার সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। এতে প্রতিষ্ঠানে নতুন ধারণা ও সৃজনশীলতার বিকাশ ঘটে।
৩. ন্যায্য বেতন ও স্বচ্ছ মূল্যায়ন: কর্মীর যোগ্যতা, দায়িত্ব ও অবদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন নিশ্চিত করতে হবে। পদোন্নতি, পুরস্কার ও দায়িত্ব বণ্টনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের পরিবর্তে দক্ষতা ও কাজের মানকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
৪. কর্মঘণ্টা ও ব্যক্তিজীবনের ভারসাম্য: নির্ধারিত কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি, বার্ষিক ছুটি এবং প্রয়োজনীয় বিরতি নিশ্চিত করা জরুরি। অফিসের কাজ যেন কর্মীর পুরো ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ না করে।
৫. নিরাপদ ও স্বাস্থ্যকর অবকাঠামো: পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যসম্মত শৌচাগার, অগ্নিনিরাপত্তা, জরুরি বহির্গমন ব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা থাকতে হবে।
৬. বৈষম্য ও হয়রানিমুক্ত পরিবেশ: নারী-পুরুষ, বয়স, ধর্ম, প্রতিবন্ধিতা কিংবা সামাজিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। যৌন হয়রানি, বুলিং, অপমান ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা থাকতে হবে।
৭. প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন: কর্মীদের দক্ষতা বাড়ানোর সুযোগ দিতে হবে। নতুন প্রযুক্তি, ব্যবস্থাপনা পদ্ধতি ও কাজের ধরন সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিষ্ঠানের সক্ষমতা উন্নত করে।
৮. কার্যকর যোগাযোগ ও অভিযোগ নিষ্পত্তি: কর্মীদের সমস্যা শোনার জন্য নিরপেক্ষ ব্যবস্থা থাকতে হবে। অভিযোগ করলে চাকরি হারানো বা প্রতিশোধের শিকার হওয়ার ভয় থাকলে কোনো অভিযোগ ব্যবস্থাই কার্যকর হতে পারে না।
ব্যবস্থাপকের ভূমিকা: কর্মপরিবেশ বদলের মূল চাবিকাঠি
একটি প্রতিষ্ঠানের নীতিমালা যত ভালোই হোক, ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানদের আচরণে তার প্রতিফলন না ঘটলে সুস্থ কর্মপরিবেশ গড়ে ওঠে না। কারণ একজন কর্মীর প্রতিদিনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি নির্ভর করে তার সরাসরি তত্ত্বাবধায়কের সঙ্গে সম্পর্কের ওপর।
কর্মীকে কাজ বুঝিয়ে দেওয়া, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ, প্রয়োজনীয় সহযোগিতা করা, ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া—এসব একজন দক্ষ ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অন্যদিকে, সব সিদ্ধান্ত এককভাবে নেওয়া, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অযৌক্তিক সময়সীমা চাপিয়ে দেওয়া কিংবা ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কর্মীদের মূল্যায়ন করার প্রবণতা প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ তৈরি করে।
এ ক্ষেত্রে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সহানুভূতিশীল ব্যবস্থাপনা। কর্মী কোনো সমস্যায় পড়লে তার কথা শোনা, পরিস্থিতি বোঝা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়ায়।
ব্যবস্থাপকদের এটিও বুঝতে হবে যে, কর্মীদের কাছ থেকে ভুলহীন কাজ আশা করা আর ভুল করার সুযোগ না দেওয়া এক বিষয় নয়। যে প্রতিষ্ঠানে ভুলের কারণ বিশ্লেষণ করে সমাধান খোঁজা হয়, সেখানে কর্মীরা শেখার সুযোগ পান। কিন্তু যেখানে ভুল হলেই অপমান বা শাস্তির ভয় থাকে, সেখানে কর্মীরা ঝুঁকি নিতে চান না এবং নতুন কিছু করার আগ্রহ হারিয়ে ফেলেন।
সুস্থ কর্মপরিবেশ কীভাবে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ায়?
সুস্থ কর্মপরিবেশের সুফল শুধু কর্মীদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকে না। এর সরাসরি প্রভাব পড়ে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমে।
প্রথমত, কর্মীরা মানসিকভাবে স্বস্তিতে থাকলে কাজে মনোযোগ বাড়ে।
দ্বিতীয়ত, ব্যবস্থাপনার প্রতি আস্থা থাকলে কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা তৈরি হয়।
তৃতীয়ত, সহকর্মীদের মধ্যে সহযোগিতা থাকলে একই কাজ করতে অপ্রয়োজনীয় সময় ও শ্রম ব্যয় হয় না।
এ ছাড়া সুস্থ পরিবেশে কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা কমানোর সুযোগ তৈরি হয়। কারণ একজন দক্ষ কর্মী যখন প্রতিষ্ঠানে সম্মান, ন্যায্য মূল্যায়ন এবং পেশাগত উন্নয়নের সুযোগ পান, তখন তিনি সহজে প্রতিষ্ঠান পরিবর্তনের সিদ্ধান্ত নেন না।
এতে নতুন কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং অভিজ্ঞ কর্মী হারানোর কারণে যে ব্যয় তৈরি হয়, তা কমানো সম্ভব। একই সঙ্গে গ্রাহকসেবা, কাজের ধারাবাহিকতা এবং প্রতিষ্ঠানের সুনামও উন্নত হয়। অর্থাৎ, কর্মীদের কল্যাণে বিনিয়োগকে ব্যয় হিসেবে দেখার পরিবর্তে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিবর্তন আনতে পারে?
সুস্থ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য শুধু নীতিমালা তৈরি করলেই হবে না; সেটির বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কয়েকটি কার্যকর পদক্ষেপ নিতে পারে।
১. নিয়মিত কর্মী জরিপ: কর্মীদের সন্তুষ্টি, মানসিক চাপ, ব্যবস্থাপনার আচরণ এবং কর্মপরিবেশ সম্পর্কে নিয়মিত গোপনীয় জরিপ পরিচালনা করা।
২. কর্মীদের অংশগ্রহণ: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, কাজের পরিকল্পনা এবং সমস্যা সমাধানে কর্মীদের মতামত নেওয়া।
হয়রানি প্রতিরোধ ব্যবস্থা: লিখিত আচরণবিধি, নিরপেক্ষ অভিযোগ কমিটি এবং অভিযোগের গোপনীয়তা নিশ্চিত করা।
৩. কর্মঘণ্টা পর্যবেক্ষণ: অপ্রয়োজনীয় ওভারটাইম বন্ধ করা এবং কাজের চাপ কর্মীদের মধ্যে সুষমভাবে বণ্টন করা।
৪. ব্যবস্থাপকদের প্রশিক্ষণ: নেতৃত্ব, যোগাযোগ, দ্বন্দ্ব নিরসন, মানসিক স্বাস্থ্য এবং কর্মী ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৫. মানসিক স্বাস্থ্য সহায়তা: প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্যসেবা এবং কর্মীদের জন্য সহায়তামূলক ব্যবস্থা চালু করা।
৬. ফলাফল মূল্যায়ন: কর্মী চলে যাওয়ার হার, অনুপস্থিতি, অভিযোগ, দুর্ঘটনা এবং কর্মী সন্তুষ্টির তথ্য বিশ্লেষণ করে নিয়মিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া।
এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কর্মপরিবেশের উন্নয়ন পরিমাপ করার জন্য শুধু কর্মীদের কাছে তারা কতটা সন্তুষ্ট, তা জানতে চাইলেই চলবে না। বাস্তবে কতজন কর্মী অতিরিক্ত কাজ করছেন, কতটি অভিযোগ নিষ্পত্তি হচ্ছে, কতজন চাকরি ছাড়ছেন এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা কতটা কমছে—এসব তথ্যও নিয়মিত পর্যালোচনা করতে হবে।
কর্মী ভালো থাকলেই প্রতিষ্ঠান ভালো থাকবে
একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু তার আয়, মুনাফা, বাজার সম্প্রসারণ কিংবা ভবনের আকার দিয়ে পরিমাপ করা যায় না। প্রতিষ্ঠানের ভেতরে কর্মীরা কতটা নিরাপদ, সম্মানিত এবং মানসিকভাবে স্বস্তিতে আছেন, সেটিও সাফল্যের গুরুত্বপূর্ণ সূচক।
বিশ্বের বিভিন্ন গবেষণা ও জরিপ দেখিয়েছে, কর্মক্ষেত্রে মানসিক নিরাপত্তা, ন্যায্যতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সহায়ক নেতৃত্ব কর্মীদের অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অন্যদিকে, দীর্ঘ কর্মঘণ্টা, বৈষম্য, হয়রানি ও অতিরিক্ত চাপ কর্মীর স্বাস্থ্য এবং প্রতিষ্ঠানের কার্যকারিতাকে ঝুঁকির মুখে ফেলে।
বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর জন্যও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিযোগিতামূলক অর্থনীতিতে টিকে থাকতে হলে কর্মীদের শুধু শ্রমশক্তি হিসেবে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাঁদের দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দিতে হবে।
কর্মীরা কোনো প্রতিষ্ঠানের উৎপাদনব্যবস্থার যন্ত্রাংশ নন; তারাই প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা কোনো দয়া বা বাড়তি সুবিধা নয়, বরং একটি প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব এবং দীর্ঘমেয়াদি সাফল্যের পূর্বশর্ত। যে প্রতিষ্ঠানে মানুষ ভালো থাকেন, সেই প্রতিষ্ঠানে ভালো কাজের সম্ভাবনাও বেশি থাকে। তাই সুস্থ কর্মপরিবেশ গড়ে তোলা মানে শুধু কর্মীদের ভালো রাখা নয়; বরং একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎকে আরো শক্তিশালী করা।