হোম > ফিচার > স্বাস্থ্য

প্রবীণদের কাঁধ ও কোমর ব্যথা

অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফউল্লাহ

বয়স বাড়লে শরীরে ব্যথাবেদনা হওয়াকে আমাদের সমাজে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয়। তবে প্রবীণদের কাঁধ, ঘাড়, কোমর বা পেশির এই ব্যথা সবসময় সাধারণ বাতের সমস্যা নয়। চিকিৎসা বিজ্ঞানে কাছাকাছি লক্ষণযুক্ত তিনটি রোগ—ফাইব্রোমায়ালজিয়া (FMS), পলিমায়ালজিয়া রিউমেটিকা (PMR) এবং জায়ান্ট সেল আর্টারাইটিস (GCA) প্রায়ই সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করে। সময়মতো সঠিক রোগ নির্ণয় করা না হলে প্রবীণদের জীবনমান ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিতে পারে চিরতরে দৃষ্টিশক্তি হারানোর মতো মারাত্মক পরিণতি।

চেনার উপায়

প্রবীণদের শরীর ব্যথার মূল কারণ চিহ্নিত করতে এই তিন ব্যাধির সূক্ষ্ম পার্থক্য ও বৈচিত্র্য বোঝা অত্যন্ত প্রয়োজন।

ফাইব্রোমায়ালজিয়া

এটি মূলত স্নায়ুতন্ত্রের ব্যথা প্রক্রিয়াজাতকরণের এক ধরনের ত্রুটি। এতে কোনো শারীরিক প্রদাহ সৃষ্টি হয় না, তবে শরীরজুড়ে ছড়ানো পেশির ব্যথা ও শক্তভাব থাকে। এর পাশাপাশি ঘুম না হওয়া, তীব্র ক্লান্তি, বিষণ্ণতা এবং মনোযোগে ঘাটতি দেখা যায়। রক্ত পরীক্ষায় (ESR/CRP) কোনো প্রদাহের ছাপ পাওয়া যায় না।

পলিমায়ালজিয়া রিউমেটিকা

এটি জয়েন্ট ও বার্সার ইমিউনজনিত প্রদাহ (Inflammation)। এতে সাধারণত কাঁধ ও ঊরুর সংযোগস্থলের (Pelvic girdle) পেশিতে তীব্র ব্যথা ও শক্তভাব থাকে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর নাড়াতে প্রচণ্ড কষ্ট হয়। রক্তে প্রদাহের মাত্রা (ESR ও CRP) অনেক বেশি পাওয়া যায়।

জায়ান্ট সেল আর্টারাইটিস

এটি মাঝারি ও বড় রক্তনালির (বিশেষ করে মাথার কনপটির ধমনি) এক ধরনের মারাত্মক প্রদাহ। এতে তীব্র মাথাব্যথা, চিবানোর সময় চোয়ালে ব্যথা, কনপটির রগ ফুলে ওঠা এবং দৃষ্টি আবছা হয়ে আসার মতো লক্ষণ দেখা দেয়। রক্তে ESR ও CRP-র মাত্রা অত্যন্ত উঁচুতে থাকে।

স্থায়ী অন্ধত্বের ঝুঁকি

পলিমায়ালজিয়া রিউমেটিকায় (PMR) আক্রান্ত প্রবীণদের প্রায় ১৫-২০ শতাংশের ক্ষেত্রে পরবর্তী সময়ে জায়ান্ট সেল আর্টারাইটিস (GCA) দেখা দিতে পারে। সঠিক সময়ে প্রদাহ নিয়ন্ত্রণ না করা হলে কনপটির ধমনি ব্লক হয়ে চোখের অপটিক নার্ভের রক্ত চলাচল চিরতরে বন্ধ হয়ে যায়। ফলে রোগী সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারাতে পারেন।

সাধারণ বাতের ব্যথা মনে করে প্রবীণরা চিকিৎসা পিছিয়ে দিলে এই ক্ষতি আর কখনোই ফেরানো যায় না।

ভুল চিকিৎসা

প্রবীণদের ক্ষেত্রে অপরীক্ষিত বা ভুল চিকিৎসার প্রভাব অত্যন্ত মারাত্মক হতে পারে। PMR বা GCA চিকিৎসায় নির্দিষ্ট মাত্রায় স্টেরয়েড সেবন অত্যন্ত কার্যকর এবং জীবন রক্ষাকারী। কিন্তু প্রবীণ রোগীদের ক্ষেত্রে দীর্ঘদিন অনিয়ন্ত্রিত স্টেরয়েড ব্যবহারে হাড় ক্ষয় (অস্টিওপোরোসিস), ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং সংক্রমণের ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি পায়।

ভুল রোগ নির্ণয়

ফাইব্রোমায়ালজিয়াকে (FMS) ভুলবশত PMR মনে করে স্টেরয়েড দিলে ব্যথার কোনো উপশম তো হয়ই না, বরং ওষুধের তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রবীণ শরীর আরো অসুস্থ হয়ে পড়ে।

লক্ষণ চিনে রাখুন

ব্যথার সঙ্গে যদি হঠাৎ তীব্র নতুন মাথাব্যথা শুরু হয়, খাবার চিবানোর সময় চোয়ালে ব্যথা লাগে, কিংবা চোখে ঝাপসা বা দ্বি-দৃশ্যায়ন (double vision) দেখা দেয়, তবে এক মুহূর্ত সময় নষ্ট না করে রিউম্যাটোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

পরামর্শ

প্রবীণ সদস্য সকালে ঘুম থেকে ওঠার পর যদি ৪৫ মিনিটের বেশি সময় কাঁধ, ঘাড় বা কোমর নাড়াতে কষ্ট বোধ করেন, তবে সেটিকে সাধারণ ‘বয়সের ভার’ না ভেবে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

লেখক : বিভাগীয় প্রধান, কার্ডিওলজি

শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, ঢাকা

শ্বাসতন্ত্রের সুরক্ষায় নিউমোনিয়া প্রতিরোধ

ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫

হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪০

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, বিজ্ঞপ্তি শিগগিরই

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৩৩৩ আক্রান্ত, মৃত্যু ৩ জনের

হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪