হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

শিক্ষকতায় জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির সমন্বয় জরুরি

সাক্ষাৎকার

শাহেদ-বিন-আলী

বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা ও পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে এ খাতে শিক্ষকতা ও প্রশাসনিক বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগও তৈরি হচ্ছে। তবে এ পেশায় প্রবেশের জন্য একজন চাকরিপ্রার্থীকে কীভাবে প্রস্তুতি নিতে হবে, নিয়োগ প্রক্রিয়ায় কোন বিষয়গুলো গুরুত্ব পায় এবং একজন সফল শিক্ষক হতে কী ধরনের দক্ষতা প্রয়োজন—এসব বিষয় নিয়ে কথা বলেছেন মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ডিরেক্টর সৈয়দ সাকিব আহমেদ।

শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে হলে শুরুতেই কী প্রস্তুতি নিতে হবে?

একজন শিক্ষার্থী শিক্ষকতা পেশায় আসতে চাইলে প্রথম থেকেই নিজের বিষয়ভিত্তিক জ্ঞানকে শক্ত করতে হবে। শুধু ভালো ফল করলেই হবে না; নিজের বিষয়টি সহজভাবে অন্যকে বোঝানোর ক্ষমতাও গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিশুদের মনস্তত্ত্ব বোঝার দক্ষতাও অর্জন করা প্রয়োজন। এর পাশাপাশি বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা এবং উপস্থাপনার দক্ষতা গড়ে তোলা জরুরি। বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহারও একজন শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনলাইন রিসোর্স, প্রেজেন্টেশন সফটওয়্যার, ডিজিটাল ক্লাসরুম ও বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ব্যবহারে অভ্যস্ত হওয়া দরকার।

ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণত কী কী ধাপ অনুসরণ করা হয়?

সাধারণত কয়েকটি ধাপে শিক্ষক বাছাই করা হয়। প্রথমে প্রার্থীদের সিভি শর্টলিস্ট করা হয়। এরপর লিখিত পরীক্ষা বা বিষয়ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে প্রার্থীর একাডেমিক সক্ষমতা যাচাই করা হয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণত ডেমো ক্লাস বা ক্লাস অবজারভেশন নেওয়া হয়। কিছু প্রতিষ্ঠানে একাধিক ধাপে ইন্টারভিউ এবং রেফারেন্স চেকও করা হয়। সব ধাপের মূল্যায়ন শেষে যোগ্যতা ও প্রতিষ্ঠানের সংস্কৃতির সঙ্গে মানানসই প্রার্থীকে নির্বাচন করা হয়। সবশেষে ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষের সঙ্গে ভাইভা বা মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে।

লিখিত পরীক্ষায় ভালো করতে একজন চাকরিপ্রার্থীর কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত?

লিখিত পরীক্ষার জন্য নিজের বিষয় বা সাবজেক্টের মৌলিক ধারণাগুলো পরিষ্কার থাকতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে ইংরেজি ভাষা, শব্দের সঠিক উচ্চারণ এবং ব্যাকরণে ভালো দক্ষতা থাকা জরুরি। এছাড়া অনেক সময় সাধারণ জ্ঞান, উপস্থিত বুদ্ধি কিংবা পরিস্থিতিভিত্তিক কিছু প্রশ্নও করা হয়। তাই শুধু একাডেমিক বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামগ্রিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে।

মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয়?

আমাদের প্রতিষ্ঠানে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রার্থীদের সিভি বাছাই করা হয় এবং তাদের শিক্ষাগত যোগ্যতা ও ব্যাকগ্রাউন্ড যাচাই করা হয়। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস এবং চূড়ান্ত ভাইভার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। আমরা চেষ্টা করি একজন প্রার্থীর শুধু একাডেমিক যোগ্যতা নয়, তার যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, উপস্থাপনা এবং শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সক্ষমতাও মূল্যায়ন করতে।

ভাইভায় নিজেকে কীভাবে উপস্থাপন করা উচিত?

মৌখিক পরীক্ষায় একজন পরীক্ষার্থীর আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকার পাশাপাশি বর্তমান শিক্ষাব্যবস্থা সম্পর্কেও ধারণা রাখতে হবে। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার অনুশীলন করা উচিত। তবে শুধু ভাষায় দক্ষ হলেই হবে না। একজন প্রার্থী শিক্ষকতা পেশায় কেন আসতে চান, শিশুদের সঙ্গে কাজ করার বিষয়ে তার আগ্রহ কতটা এবং শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি কী—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে, একজন চঞ্চল শিক্ষার্থীকে কীভাবে সামলাবেন কিংবা কোনো দুর্বল শিক্ষার্থীকে কীভাবে সহায়তা করবেন—এ ধরনের পরিস্থিতিভিত্তিক প্রশ্নের জন্যও প্রস্তুতি থাকা দরকার।

একজন শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনগুলো?

একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে ধৈর্য ও সময়ানুবর্তিতা অন্যতম। এর পাশাপাশি ভালো যোগাযোগ দক্ষতা, ক্লাসরুম ম্যানেজমেন্ট, লেসন প্ল্যানিং, শিক্ষার্থীদের মানসিক অবস্থা বোঝার ক্ষমতা এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা থাকা প্রয়োজন। বর্তমানে প্রজেক্টর, স্মার্ট ক্লাসরুম, অনলাইন প্ল্যাটফর্মসহ বিভিন্ন প্রযুক্তি শিক্ষাদানের অংশ হয়ে উঠেছে। তাই একজন শিক্ষককে প্রযুক্তির সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে হবে।

শিক্ষকতার দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ?

আমি মনে করি, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে শিক্ষাদানের ধরনও পরিবর্তিত হচ্ছে। নিয়মিত প্রশিক্ষণ একজন শিক্ষককে নতুন পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, মূল্যায়ন কৌশল এবং প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকতে সাহায্য করে। একজন শিক্ষক যত বেশি শিখবেন, তত বেশি কার্যকরভাবে শিক্ষার্থীদের শেখাতে পারবেন। তাই প্রশিক্ষণকে শুধু চাকরির একটি আনুষ্ঠানিক অংশ হিসেবে না দেখে পেশাগত উন্নয়নের গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখা উচিত।

শিক্ষকতা ছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের প্রশাসনিক বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগ কেমন?

এই খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ বেশ ভালো। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এখন অনেক বেশি প্রফেশনালভাবে পরিচালিত হচ্ছে। শুধু শিক্ষকতা নয়, কো-অর্ডিনেটর, ভাইস প্রিন্সিপাল, অ্যাডমিন, আইটি, অ্যাকাউন্টস, এইচআরসহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ রয়েছে। এসব পদে দায়িত্বের পাশাপাশি ভালো বেতন, পেশাগত উন্নতির সুযোগ এবং সম্মানও পাওয়া যায়। যারা শিক্ষা খাতের সঙ্গে যুক্ত থেকে প্রশাসনিক বা ব্যবস্থাপনা বিষয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই ক্ষেত্রটি সম্ভাবনাময়।

একটি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা কতটা গুরুত্বপূর্ণ?

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া যেকোনো প্রতিষ্ঠানের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা থাকলে প্রার্থীরা বুঝতে পারেন যে তাদের মূল্যায়ন নির্দিষ্ট যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে হচ্ছে। এতে প্রতিষ্ঠানের প্রতি প্রার্থীদের আস্থা বাড়ে এবং যোগ্য প্রার্থীদের আকৃষ্ট করাও সহজ হয়। একই সঙ্গে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রতিষ্ঠানের পেশাদারিত্ব ও সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে।

শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে নতুনদের কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়?

শুরুতে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা, নিজের বিষয়জ্ঞান ও শিক্ষাদান পদ্ধতির মধ্যে ভারসাম্য তৈরি করতে না পারা এবং আত্মবিশ্বাসের অভাব—এসব কারণে নতুন শিক্ষকদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এছাড়া কাজের চাপ, ক্লাসের চাপ, অভিভাবকদের প্রত্যাশা, প্রশাসনিক দায়িত্ব এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলাও অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে নিয়মিত জ্ঞান অর্জন, অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নেওয়া, প্রশিক্ষণ গ্রহণ এবং নিজের কাজের প্রতি মনোযোগী হওয়ার মাধ্যমে ধীরে ধীরে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব।

শিক্ষকদের এসব প্রতিবন্ধকতা দূর করতে প্রতিষ্ঠানের কী ধরনের ভূমিকা থাকা উচিত?

শিক্ষকদের পর্যাপ্ত শিক্ষাদানের রিসোর্স, বাস্তবসম্মত কাজের চাপ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। পাশাপাশি নিয়মিত ফিডব্যাক, সহকর্মীদের সহযোগিতা, পরামর্শদান এবং শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের ব্যবস্থা থাকতে পারে। শিক্ষকরা যেন নিজেদের সমস্যা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন, সে ধরনের ইতিবাচক কর্মপরিবেশ তৈরি করা জরুরি। ম্যানেজমেন্ট ও শিক্ষকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকদের গুণগত মানকে আপনি কীভাবে দেখেন?

বাংলাদেশের বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম—উভয় ধারার স্কুলেই অনেক দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক রয়েছেন। তাই শুধু বাংলা বা ইংলিশ মিডিয়ামের ভিত্তিতে একজন শিক্ষকের মান বিচার করা ঠিক হবে না। একজন শিক্ষকের গুণগত মান নির্ভর করে তার বিষয়জ্ঞান, যোগাযোগ দক্ষতা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, মূল্যায়ন করার সক্ষমতা এবং শিক্ষার্থীদের কার্যকরভাবে শেখানোর দক্ষতার ওপর। তবে দুই ধরনের শিক্ষাব্যবস্থায় কাজের পরিবেশ, পাঠ্যক্রম, শিক্ষার মাধ্যম ও মূল্যায়ন পদ্ধতিতে পার্থক্য রয়েছে। ফলে শিক্ষকদের কিছুটা ভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয়। ইংলিশ মিডিয়ামে ইংরেজিতে সাবলীলতা এবং আন্তর্জাতিক পাঠ্যক্রমের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে, বাংলা মিডিয়ামে বাংলা ভাষায় পরিষ্কারভাবে ধারণা ও বিষয়বস্তু উপস্থাপন করার দক্ষতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সবশেষে একজন শিক্ষকের প্রকৃত মান বোঝা যায় তার শিক্ষার্থীরা কতটা শিখছে, কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কতটা প্রয়োগ করতে পারছে—তার মাধ্যমে।

চিকিৎসকদের বিসিএস প্রস্তুতির কৌশল

সেলস অ্যাডমিনে এআই : সময় বাঁচাবে, কাজ হবে স্মার্ট

তরুণদের সফট ও হার্ড স্কিল অর্জন করতে হবে

সফল হতে নিজেকেই আগে বদলাতে হবে

নতুন গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতা অর্জনের পাঁচ কৌশল

অল্প বয়সেই পেশা চূড়ান্তের প্রয়োজন নেই

শিক্ষার আলো ছড়িয়ে হাসানাহ ফাউন্ডেশনের অন্যরকম পথচলা

দল ভেঙেছে, থামেনি গল্প

পড়াশোনার খরচ সামলাতে পার্টটাইম চাকরি

নিজেকে বদলাতে জানলেই সাংবাদিকতায় সম্ভাবনা