র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে বিশেষায়িত ইউনিট গঠনের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দল। তবে বিরোধী দলের এই বিরোধিতার মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, তার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনীত একটি বিল—স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ মহান জাতীয় সংসদে উত্থাপন করছি।’
এর আগে বিলটি উত্থাপনের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রস্তাবিত এই বিলটি সংসদে উত্থাপনের অনুমতি না দেওয়ার জন্য তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘র্যাব বিলুপ্ত করে এর বর্তমান জনবল দিয়েই নতুন নামে এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে তা মূলত নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনা ছাড়া আর কিছু হবে না। এটি মূলত র্যাবের পুনর্গঠনেরই নামান্তর।’