হোম > জাতীয়

আমলাদের বিরোধিতায় এবার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না ‘জুলাই সনদ’

স্টাফ রিপোর্টার

বহুল আলোচিত ‘জুলাই সনদ’ ২০২৬ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না। আগামী বছরের জন্য ছাপা ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে জুলাই সনদ যুক্ত করার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা থাকলেও আমলাদের বিরোধিতায় সেটি আর হচ্ছে না। সময় স্বল্পতার কথা বলে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে ২০২৭ সালের পাঠ্যবইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর আগামী বছরের (২০২৬) বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে জুলাই সনদ নিয়ে একটি প্যারাগ্রাফ যুক্ত করা যায় কি না, তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় জুলাই সনদ এখনও বাস্তবায়িত না হওয়ায় সেটি ২০২৬ সালের পাঠ্যবইয়ে না রেখে ২০২৭ সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

সভা সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের পাঠ্যবইয়েই সংক্ষিপ্ত আকারে ‘জুলাই সনদ’র উল্লেখ করার কথা ছিল। তবে জুলাই সনদ এখন বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষেপে উপস্থাপনের ঝুঁকির কারণে পরিকল্পনাটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির একজন সদস্য নাম ও পদবী প্রকাশ না করার শর্তে বলেন, পাঠ্যবইয়ের চূড়ান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন কেবল মুদ্রণের প্রস্তুতি চলছে। এ অবস্থায় নতুন করে অনুচ্ছেদ সংযোজনের মতো জনবল বা সময় নেই। শুধুমাত্র লেখা যুক্ত করলেই হবে না, সেটি সম্পাদনা, সংশোধন ও অনুমোদনের একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাই এটি এখনই পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। শুরুতে দু-এক লাইন যোগ করার কথা থাকলেও এত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থাকে। আমরা বরং একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই, যা ২০২৭ সালের সংস্করণে যুক্ত করা সম্ভব হতে পারে।

তবে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) এক সদস্য বলেন, সব জায়গায় আমলাদের বিরোধিতায় সরকারের অনেক ভালো উদ্যোগ আলোর মুখ দেখতে পারছে না। তার মতে, যেখানে জুলাই ঘোষণা হয়েছে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে, সেখানে পাঠ্যবইয়ে দিতে সমস্যা কোথায়? বাস্তবায়নের সাথে পাঠ্যপুস্তকে সন্নিবেশনের কোনো সম্পর্ক নেই।

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না

শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজও হয়নি ন্যায়বিচার, নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

২৬ মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক নিষিদ্ধ আ.লীগের

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের