নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়ন হলে সশস্ত্র বাহিনীর তিন প্রধানের মূল বেতন হবে এক লাখ ৭২ হাজার টাকা। এ বেতন সরকারের মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমান। পুরোনো বেতন স্কেলেও তিন বাহিনীর প্রধানরা মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের সমান বেতন স্কেল ভোগ করছিলেন। এবারও এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি।
জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা হলেও সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। এ মূল বেতন পর্যায়ক্রমে বছর বছর বেড়ে ৫১ হাজার ৯০০ টাকায় উন্নীত হবে। তবে বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারিতই থাকবে, বাড়বে না।
জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা। জারি করা গেজেটে দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯,০০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকায় উন্নীত হয়েছে। বৃদ্ধির হার ১৩৭.৭৮ শতাংশ্। পক্ষান্তরে বাহিনী প্রধানদের বেতন বেড়েছে ১০০ শতাংশ। ৮৬ হাজার থেকে দ্বিগুণ হয়ে এক লাখ ৭২ হাজার টাকা হয়েছে। ১০ বছর পূর্বে জারিকৃত জেএসআই ০১/২০১৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা হচ্ছিল। এবারও একই পদ্ধতিতে বেতন-ভাতা নির্ধারিত হয়েছে।
বাহিনীপ্রধান বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় ৩৯ শতাংশ বেশি বৃদ্ধির পরও একটি মহল সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাহিনীপ্রধানের সঙ্গে সাধারণ সৈনিকের বেতনের ব্যবধান সামনে এনে সামাজিকমাধ্যম ও কোনো কোনো সংবাদমাধ্যম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের ভিত্তিহীন অভিযোগ তুলছে। বাস্তবে এর আগের বেতন স্কেলগুলোর কাঠামো অবিকল অনুসরণ করা হয়েছে নতুন বেতন স্কেলসংক্রান্ত জেএসআইতে।
সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রশাসনসহ বাংলাদেশের সব ক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার সঙ্গে সর্বনিম্ন পর্যায়ে কর্মরত কর্মচারীর বেতনবৈষম্যের অভিযোগ তোলা যায়। এ বড় ব্যবধানের বাস্তবতা নিয়েই প্রতিটি বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন হয়েছে।
যৌথবাহিনী নির্দেশাবলিতে দেখা যায়, নতুন কাঠামোয় প্রারম্ভিক মূল বেতন ল্যান্স করপোরাল ২৩ হাজার ৫০০ টাকা, করপোরাল ২৮ হাজার, ওয়ারেন্ট অফিসার ৪৪ হাজার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ৪৪ হাজার ৫০০ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার ৪৫ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়েছে। বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে ২২ হাজার ৫০০ থেকে ১০২.২২ শতাংশ বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়েছে। এছাড়া অনারারি লেফটেন্যান্ট ৭৬ হাজার ৯৬০ এবং অনারারি ক্যাপ্টেনের বেতন ৮৫ হাজার ৭৫০ টাকায় উন্নীত হয়েছে।
নতুন স্কেলের বেতন-ভাতা বাস্তবায়নের ক্ষেত্রেও সৈনিক ও নিম্ন স্কেলের কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতনদের ক্ষেত্রে প্রথম ধাপে ৪০ শতাংশ বাস্তবায়ন হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে ৫০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সশস্ত্র বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্তদের বিভিন্ন ভাতা বৃদ্ধির হার নিয়েও সামাজিকমাধ্যমে অপপ্রচার করতে দেখা গেছে। বাস্তবে মাত্র কয়েকটি ক্ষেত্রে ভাতা বৃদ্ধির হার কিছুটা কম হলেও বেশিরভাগ ক্ষেত্রে ভাতা বৃদ্ধি পেয়েছে উচ্চ ও সন্তোষজনক হারে। তাছাড়া চারটি নতুন ভাতা সংযোজন হয়েছে, যা বাহিনীর সদস্যদের জন্য সুখবর বয়ে এনেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সৈনিক ও অবসরপ্রাপ্তদের নতুন এবং বর্ধিত কল্যাণ সুবিধা নিয়েও আলোচনা হচ্ছে। জেএসআই অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩,০০০ থেকে ৪,০০০ টাকা করা হয়েছে। অপপ্রচারে কয়েকটি ভাতা ১০ শতাংশ বৃদ্ধিকে সামনে আনা হচ্ছে। কিন্তু নতুন আর্থিক সুবিধাগুলো সম্পূর্ণ আড়াল করা হচ্ছে। কর্মকর্তাদের জন্য ১০ দিয়ে ভাজন এবং অন্যদের জন্য ৩২ দিয়ে ভাজনের বিষয়টি সামনে আনা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে জাতীয় বেতন কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি অভিন্ন ভাজনের সুপারিশ পাঠিয়েছে। সে সুপারিশ পর্যালোচনাধীন রয়েছে।
হরাইজন্টাল বনাম ভার্টিকাল পে স্কেল, শ্রেণিবৈষম্য ও কাঠামোগত পার্থক্য নিয়ে সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সশস্ত্র বাহিনী সদস্যদের কিছু দাবি দীর্ঘদিন যাবৎই আমলাতান্ত্রিক পর্যালোচনায় ঘুরপাক খাচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ করে বলা হচ্ছে, বেসামরিক প্রশাসন ২০টি গ্রেডে বিভক্ত। কোনো কর্মচারী পদোন্নতি বা সিলেকশন গ্রেড/উচ্চতর গ্রেড পেলে সরাসরি উপরের গ্রেডের পূর্ণ ভার্টিকাল স্কেলে প্রবেশ করেন এবং নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় বড় ধরনের উল্লম্ফন ঘটে। কিন্তু সামরিক ক্ষেত্রে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত শূন্যপদ সীমিত থাকায় বা পদোন্নতি না পেলে একই পদে থেকে ১৯-২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্ট বা বার্ষিক ধাপের ওপর নির্ভর করতে হয়। এতে সিনিয়র সৈনিক ও জেসিওরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা ও মাঠপর্যায়ের দায়িত্ব পালন করলেও বেসামরিক নবম গ্রেডের ভার্টিকাল স্কেলের সঙ্গে সমন্বয় করা হয়নি।
এ ধরনের অসন্তোষের সুরাহার বিষয়ে জানতে চাইলে একজন সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার ও কমান্ড পিরামিড বেসামরিক প্রশাসনের মতো নয়। শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখতে শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয়ে থাকে। পদোন্নতি না পেলেও যাতে কোনো সৈনিক বা জেসিওর বেতন স্থবির হয়ে না পড়ে, সেজন্য ১৯-২০টি বার্ষিক ইনক্রিমেন্ট ধাপ রাখা হয়েছে। যার ফলে একজন সৈনিক পদে থেকেই ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত পৌঁছতে পারেন। আবার অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন ৭৬ হাজার ৯৬০ এবং ৮৫ হাজার ৭৮০ টাকা পর্যন্ত উন্নীত হবে।
দীর্ঘদিনের এ অভিযোগ নিরসনে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিকাল পে স্কেল প্রবর্তনের বিষয়ে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সুপারিশ ও বিদ্যমান অসামঞ্জস্যতা সুরাহা করতে সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমই