দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের আটটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের প্রবেশপথ, বাইরের এলাকা ও ল্যান্ডসাইডে নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল ও যানবাহন তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
বিশেষ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার রাতে বিমানবন্দরের বাইরের গেট লক্ষ্য করে উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপের ঘটনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরের সামনের উড়ালসেতুতে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের টহল ও অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের বাইরের অংশে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে বলা হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল বাড়ানো, নজরদারি জোরদার ও যানবাহন তল্লাশি করতে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গেটে বিআরটি উড়ালসেতু থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের বাইরের গেট লক্ষ্য করে ককটেল ছোড়া হলে উড়ালসেতুর নিচে থাকা তিনজন পথচারী আহত হন। এ ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
গতকাল বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে পুলিশের সঙ্গে বৈঠক করে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, উড়ালসেতু ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের টহল বৃদ্ধি, যানবাহন তল্লাশি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বেবিচকের সদর দপ্তরে বৈঠক হয়েছে। সেখানে নিরাপত্তা জোরদারে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশের চেকপোস্ট স্থাপন, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে।
তিনি আরো বলেন, বিমানবন্দরসংলগ্ন উড়ালসেতুগুলোতে স্থায়ীভাবে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে স্থায়ী ব্যবস্থা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিমানবন্দরের এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগে থেকেই ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। এখন ল্যান্ডসাইড এলাকাকেও ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কোনো ঘটনা ঘটলে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।
ওই কর্মকর্তা আরো বলেন, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে ক্যামেরার সঙ্গে ফেস রিকগনিশন ও এআইভিত্তিক মানব চলাচল শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করার সুযোগ রয়েছে। এসব প্রযুক্তি যুক্ত হলে নিরাপত্তা নজরদারি আরো কার্যকর হবে।
তবে বিমানবন্দরে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন বেবিচকের ওই কর্মকর্তা। তিনি বলেন, বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়নি। রেড অ্যালার্ট সাধারণত সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির সঙ্গে সম্পর্কিত। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সতর্কতা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা প্রটোকল জোরদার করা হয়েছে।
ওই কর্মকর্তার ভাষ্য, বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তাব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে বাইরের পরিস্থিতির প্রভাব যাতে বিমানবন্দরের অভ্যন্তরে না পড়ে, সে জন্য ল্যান্ডসাইডের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এএম