হোম > জাতীয়

প্রস্তাবিত বাজেট শ্রমিকবান্ধব নয়, এলিটবান্ধব

শ্রমিক কল্যাণের আলোচনা সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট শ্রমিকবান্ধব নয়, বরং এলিটবান্ধব বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতারা। আর বাজেট শ্রমিকবান্ধব না হলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ব্যহত হবে বলেও তারা উল্লেখ করেছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবনা, শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় কর্মহীন, অবসরপ্রাপ্ত ও বয়স্ক শ্রমিকদের অন্তর্ভুক্ত করা না হলে বাংলাদেশে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমি মনে করি, এ বিষয়গুলোকে গুরুত্ব না দিলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা যাবে না।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের পে-স্কেল নিয়ে ব্যাপক আলোচনা ও পরিকল্পনা দেখা যায়। কিন্তু সরকারি ব্যবস্থার বাইরে যে বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী রয়েছে, তাদের জীবনমান, মজুরি ও সামাজিক নিরাপত্তা নিয়ে সেই তুলনায় খুব কম আলোচনা হয়। এ বৈষম্য দূর করতে হবে।

তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, তাদের বাজেট ভাবনায় দেশের সামগ্রিক বাস্তবতা এবং শ্রমজীবী মানুষের প্রয়োজনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। দেশের প্রেক্ষাপট বিবেচনা করে তারা যে প্রস্তাবনা দিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গত ১৮ মে জাতীয় প্রেসক্লাবে শ্রমিকদের বাজেট ভাবনা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিল। পরবর্তীতে ২৪ মে একই স্থানে আমরা শ্রমিকবান্ধব বাজেট প্রস্তাবনা উপস্থাপন করি।

তিনি বলেন, আমরা সরকারকে প্রায় ৩০টি সুপারিশ দিয়েছিলাম, যাতে শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়। এর মধ্যে শ্রমিকদের ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন, নারী শ্রমিকদের জন্য বাস সার্ভিস চালু এবং ১৫ লাখ জেলে পরিবারকে ভিজিএফ সুবিধার আওতায় আনার বিষয়গুলো বাজেটে উল্লেখ করা হয়েছে। এছাড়া সামাজিক অবকাঠামো ও নিরাপত্তা খাতে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও বলা হয়েছে।

তবে এর বাইরে শ্রমিকদের ভাগ্য পরিবর্তন, বৈষম্য দূরীকরণ এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাজেটে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিগত ১০ বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, শ্রমিক খাতে বরাদ্দের ক্ষেত্রে এবারের বাজেট তুলনামূলকভাবে আরও পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, এ বাজেট বাংলাদেশের শ্রমিকদের বাস্তবতা ও প্রয়োজনকে সামনে রেখে প্রণয়ন করা হয়নি। যারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বাজেট প্রণয়ন করেন, সেখানে কোনো শ্রমিক প্রতিনিধির অংশগ্রহণ থাকে না। ফলে এটি শ্রমিকবান্ধব নয়, বরং একটি এলিটবান্ধব বাজেটে পরিণত হয়েছে।

আতিকুর রহমান বলেন, আমরা আশা করব- যে সময় আছে তার মধ্যে শ্রমিকের জন্য রেশনের ব্যবস্থা মহার্ঘ্য ভাতার ব্যবস্থা, পরোক্ষ কর কমিয়ে দেওয়া, শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্প, মজুরি সুরক্ষা তহবিল, স্বাস্থ্যবীমা, ঝুঁকি ভাতা,এবং পেশাগত বীমাসহ সব মিলিয়ে আমরা দেখতে চাই বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ রিক্সা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, শ্রম সংস্কার কমিশন সদস্য এ এম ফয়েজ আহমদ, লেবার ফেডারেশনের সাধারন সম্পাদক সাকিল আখতার চৌধুরী, কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রব্বানী, পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি কবির আহমদ, দর্জি শ্রমিক ফেডারেশন সভাপতি এডভোকেট আলমগীর হোসেন, হোটেল ও হাসপাতাল শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, রিক্সা ভ্যান শ্রমিকঐক ফেডারেশন সাধারন সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, ব্যাংক কর্মচারি সমিতির সভাপতি আজহারুল ইসলাম,

প্রগতিশীল নির্মান শ্রমিকের সভাপতি নুজরুল আমিন, প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি সোহেল রানা মিঠু,

রেলওয়ে এমপ্লয়িজ লীগের সহ-সভাপতি ওমর ফারুক, বিটিসিএল আদর্শ শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, ডিপিডিসির সভাপতি আ ন ম বজলুর রহমান, ডেসকো আউটসোর্সিং সভাপতি আবুল হোসেন, নৌযান শ্রমিক নেতা ওসমানগণি, জামিল মাহমুদ, হাফিজুর রহমান প্রমুখ।

জুয়া প্রতিরোধ আইনের খসড়া নীতিগত অনুমোদন

বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়া নীতিগত অনুমোদন

সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে পুলিশ: সংসদে সেলিম ভূঁইয়া

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক হিসেবে কাজ করবে: তথ্যমন্ত্রী

জুলাই আহত যোদ্ধাদের কর্মসংস্থান ও মাসিক ভাতার পরিকল্পনা আছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

কোনো দলই আমার দায়িত্ব নেয় না: সংসদে রুমিন ফারহানা

সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

মাদক কারবারিদের সাথে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সেলিম ভূঁইয়া

সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী