হোম > জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বক্তব্যের ব্যাখ্যা দিল টিআইবি

স্টাফ রিপোর্টার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদ এবং পুলিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে সংস্থাটি।

মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি জানায়, তাদের প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সংসদে আলোচনা এবং পুলিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া সংস্থাটিকে অনুপ্রাণিত করেছে। এসব প্রতিক্রিয়া তাদের গবেষণা ও সুশাসনবিষয়ক কর্মকাণ্ডকে আরও ফলপ্রসূ করতে সহায়ক হবে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে টিআইবি উল্লেখ করে, তারা কোনো তদন্তকারী সংস্থা নয়। সংস্থাটি মূলত গবেষণাভিত্তিক দুর্নীতিবিরোধী ও সুশাসনসংক্রান্ত কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে।

প্রতিবেদন প্রণয়নের পদ্ধতি সম্পর্কে টিআইবি জানায়, সামাজিক বিজ্ঞান গবেষণায় স্বীকৃত গুণগত ও পরিমাণগত তথ্য সংগ্রহের পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্যের যথার্থতা বিভিন্ন স্তরে যাচাই-বাছাইয়ের পর বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রতিবেদনে ব্যবহৃত তথ্যসূত্র হিসেবে বাংলাদেশ পুলিশ এবং তিনটি মানবাধিকার সংগঠনের তথ্য ব্যবহারের কথা উল্লেখ করে টিআইবি। এ তথ্য প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলেও জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে সংস্থাটি দাবি করে, তাদের প্রতিবেদন শুধুমাত্র সংবাদপত্রের কাটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে—এমন মন্তব্যের কোনো ভিত্তি নেই। গণমাধ্যমে প্রকাশিত তথ্য সংগ্রহ করা হলেও তা সরাসরি ব্যবহার করা হয় না; বরং সরকারি, বেসরকারি এবং অন্যান্য সংশ্লিষ্ট উৎস থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই ও বিশ্লেষণ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জনপ্রতিনিধি, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহও বিভিন্ন ক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে গণমাধ্যম-ভিত্তিক তথ্যকে সামগ্রিকভাবে অবমূল্যায়ন করা যৌক্তিক নয়।

এদিকে, পুলিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া প্রসঙ্গে টিআইবি জানায়, সংবাদ সম্মেলনে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক—এমন মূল পর্যবেক্ষণের সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করেনি। তবে পূর্ববর্তী কোনো সময়ের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণের যে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, তা উল্লিখিত গবেষণার আওতার বাইরে থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত