শারীরিক জটিলতা ও চিকিৎসার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে পদত্যাগ কার্যকর করার কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে চিঠি দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে তার পদত্যাগপত্রের একটি অনুলিপি পাওয়া গেছে। তবে নির্বাচন কমিশনের গেজেটে তাঁর পদত্যাগ ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।
পদত্যাগের সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে তিনি চিঠিতে বলেন, জাতীয় সংসদের সদস্যপদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত। তার এ সিদ্ধান্তে স্পিকার, সংসদের সম্মানিত সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষ হতাশ হবেন না বলে আশা প্রকাশ করেন তিনি।
চিঠিতে ওসমান ফারুক আরও বলেন, কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।