হোম > জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির

স্টাফ রিপোর্টার

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলে তা খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রয়োজনীয় শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়ে এমপিওভুক্ত হতে না পারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জ্ঞানভিত্তিক, দুর্নীতিমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কমিটির পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ডসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংসদীয় কমিটির সরেজমিন পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরও বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত ২৫ হাজার শিক্ষকের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধার ভাতা প্রদানের কার্যক্রম গ্রহণ করায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।

কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য রেজা কিবরিয়া, সেলিমুজ্জামান মোল্লা, জাহান্দার আলী মিয়া, তাহসিনা রুশদীর, বীথিকা বিনতে হোসাইন, মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ।

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির

চুরির অপবাদে মারধর, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

সততা ও কর্তব্যবোধে সেবা অব্যাহত রাখার আহ্বান সেনাপ্রধানের

ধর্মীয় নেতা-সেবাকর্মীদের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী

সংসদে যে আচরণ দেখছি, তা কোনো গণতান্ত্রিক দেশে হয় না: রুমিন

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ২৫ সেপ্টেম্বর শুরু

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানা: ডিএসসিসি প্রশাসক

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২

র‍্যাবের কাঠামো বহাল রেখে শুধু নাম বদলানো হচ্ছে: জামায়াত আমির