জাপানভিত্তিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রকৌশল প্রতিষ্ঠান উইক করপোরেশন (উইক) এবং গ্রামীণ গ্রুপ বাংলাদেশে করপোরেট বিজ্ঞাপন, প্রয়োজনীয় সেবা ও অর্থনৈতিক সেবার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছে। বুধবার টোকিওতে অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে এ ফোরামের আয়োজন করে। এতে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করেছে।
২০২৬ সালের জুনে উইক ও গ্রামীণ গ্রুপের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় যৌথ উদ্যোগটির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ইয়োশিমোতো কোজিওর সাবেক চেয়ারম্যান হিরোশি ওসাকি প্রতিষ্ঠানটির উপদেষ্টা পর্ষদে যুক্ত হয়েছেন।
পর্ষদ গঠনের মাধ্যমে যৌথ উদ্যোগটি এখন পূর্ণাঙ্গ সেবা উন্নয়ন এবং স্থানীয় কার্যক্রম প্রতিষ্ঠায় কাজ করছে। ২০২৭ সালের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‘গ্রামীণ-উইক’ একটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। ডিজিটাল প্রযুক্তি ও ‘পজিটিভ ইমপ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্ট’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি করপোরেট বিজ্ঞাপন কার্যক্রমের সঙ্গে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগকে যুক্ত করবে।
বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সেবা খাতে বড় বড় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সংগঠনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা চলছে। বিস্তৃত অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে যৌথ উদ্যোগটির।