হোম > জাতীয়

ইডটকোর টাওয়ারের শেয়ার পরিবর্তনে তোড়জোড়

আল-আমিন

মালয়েশিয়ার টেলিকম জায়ান্ট আজিয়াটা গ্রুপের টাওয়ার সহযোগী প্রতিষ্ঠান ইডটকো গ্রুপের শেয়ার বিক্রি প্রক্রিয়াকে ঘিরে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বড় অংশের শেয়ার বিক্রির দৌড়ে থাকা পক্ষগুলোর বাইরে থেকেও দেশীয় একটি প্রভাবশালী করপোরেট গ্রুপ পরোক্ষভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে জানা গেছে। এতে প্রশ্নে উঠছে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে বাংলাদেশে ইডটকোর মালিকানা?

অভিযোগ রয়েছে, হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের নামে শেয়ার অধিগ্রহণের কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে। কর, নিয়ন্ত্রণ ঝুঁকি ও আন্তর্জাতিক অর্থায়ন সুবিধার জন্য হংকংভিত্তিক ওই কোম্পানি নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে। হংকংভিত্তিক প্রাইভেট ইকুইটি ও অ্যাডভাইজরি প্রতিষ্ঠান ওসাইরিস গ্রুপ, যা বাংলাদেশে বিভিন্ন বিনিয়োগ কাঠামোর সঙ্গে যুক্ত।

প্রতিষ্ঠানটি ব্র্যাকের সঙ্গে যৌথভাবে ব্র্যাক ওসাইরিস ইমপ্যাক্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করেছে। যার লক্ষ্য প্রযুক্তিনির্ভর সামাজিক উদ্যোগে বিনিয়োগ। ব্র্যাক সরাসরি বাংলাদেশ থেকে শেয়ার না কিনে হংকংয়ের ওসাইরিসের মাধ্যমে শেয়ার অধিগ্রহণের একটি প্রক্রিয়া বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাংলাদেশেও একটি অফিস রয়েছে।

জানা গেছে, দিল্লিভিত্তিক একাধিক কোম্পানি শেয়ার কিনতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। আর দিল্লির ব্যবসায়ীরা শেয়ার পেলে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র মতে, বাংলাদেশে টাওয়ারের শেয়ার হস্তান্তর হলে সরকার ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা রাজস্ব পায়। বিদেশে হলে সেটি পাবে না। এর সঙ্গে সংশ্লিষ্টরা এই অর্থ বাংলাদেশ সরকারকে না দিতেই গোপনে বিদেশে শেয়ার বিক্রির ফন্দি এঁটেছে।

এ বিষয়ে জানার জন্য ইডটকোর সিনিয়র ম্যানেজার (জনসংযোগ) আমেনা খাতুন মুন্নির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মেসেজ পাঠালেও উত্তর দেননি।

টাওয়ার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ওসাইরিস অস্ট্রেলিয়ার আর্থিক সেবা প্রতিষ্ঠান ম্যাককুয়ারি গ্রুপের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। ম্যাককুয়ারি বর্তমানে আজিয়াটার ৬৩ শতাংশ শেয়ার বিক্রির দৌড়ে সম্ভাব্য ক্রেতাদের তালিকায় শীর্ষে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মালয়েশিয়ার প্রভাবশালী ব্যবসায়িক সাময়িকী ‘দ্য এজ মালয়েশিয়া’ সম্প্রতি জানায়, ইডটকোতে আজিয়াটার ৬৩ শতাংশ শেয়ার বিক্রির দৌড়ে থাকা কিছু পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পদ নিতে অনীহা প্রকাশ করেছে। তবে এই অনীহার সুনির্দিষ্ট কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বাংলাদেশে ইডটকোর অবস্থান

বাংলাদেশে ইডটকোর শেয়ার কাঠামো অনুযায়ী, ৭০ শতাংশ মালিকানা মূল কোম্পানির হাতে। স্থানীয় অংশীদার হিসেবে রয়েছে ব্র্যাক ২৬ শতাংশ এবং গ্রিনকোন টাওয়ার কোম্পানি লিমিটেড ৪ শতাংশ। ফলে সম্ভাব্য মালিকানা পরিবর্তনে স্থানীয় অংশীদারদের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। খাত সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশের টাওয়ার বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদে শক্তিশালী নগদ প্রবাহ তৈরি করতে সক্ষম। এ প্রেক্ষাপটে বাংলাদেশি সম্পদকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকজন বিশ্লেষকের মতে, নির্দিষ্ট বিনিয়োগ কাঠামো নিশ্চিত করতে বাংলাদেশের সম্পদকে আলাদা করে দেখানো হতে পারে। তবে এ ধরনের অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি।

সূত্র জানায়, আজিয়াটা আগেই জানিয়েছে, তারা ইডটকোতে থাকা ৬৩ শতাংশ শেয়ার বিক্রি অথবা আইপিও—দুই বিকল্পই বিবেচনায় রেখেছে। সম্ভাব্য লেনদেনের মূল্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে আন্তর্জাতিক মহলে ধারণা করা হচ্ছে। ইডটকোর দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার মালয়েশিয়ার সার্বভৌম তহবিল ‘খাজনাহ ন্যাশনাল বেরহাদ’, যার মালিকানা ৩১.৭১ শতাংশ। বাকি ৫.২৯ শতাংশ রয়েছে কেওয়াপের হাতে। খাজানাহ আবার আজিয়াটারও বৃহত্তম শেয়ারহোল্ডার।

২০২৪ অর্থবছরে ইডটকোর রাজস্ব ছিল ২.৮৬ বিলিয়ন রিঙ্গিত এবং কর-পরবর্তী মুনাফা ৪১০.৭৬ মিলিয়ন রিঙ্গিত। ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কর-পরবর্তী মুনাফা দাঁড়ায় ৩১৪.৮১ মিলিয়ন রিঙ্গিত। চূড়ান্ত ক্রেতা ঘোষণার আগ পর্যন্ত ইডটকো বিক্রি প্রক্রিয়া নিয়ে জল্পনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জানা গেছে, ২০১৮ সালে ইডটকো টেকসই নকশা উদ্ভাবন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির একটি সিরিজ স্থাপন করেছিল। যার ফলস্বরূপ চূড়ান্ত কার্যক্রমে উৎকর্ষতা বাড়ে এবং পরিবেশের ওপর প্রভাব কম পড়ে। এতে প্রতিষ্ঠানটি তার কার্বন নির্গমন ৪৪ শতাংশ সফলভাবে হ্রাস করে এবং টেকসই অবকাঠামো উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হয়। ইডটকোর চলমান প্রক্রিয়ায় যদি কোনো শেয়ার পরিবর্তন আসে তাহলে প্রতিষ্ঠানটির নীতিগত অনেক সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত চারজনের লাশ দেশে আনা হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল, এপ্রিলের শেষে বেইজিংয়ে

আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন চায় টিআইবি

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে কমিশনের সভা শুরু

এবার আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

মিসাইল হামলায় নিহত আল মামুনের লাশ ঢাকায়

কাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, যেসব বিষয়ে হতে পারে আলোচনা